২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি হত্যা তদন্তে আইসিসিকে চিঠি

বাবা ও ভাই হত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আইনকর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন গাদ্দাফি কন্যা আয়েশা গাদ্দাফি। আয়েশার পক্ষ থেকে তার আইনজীবী ওই চিঠিটি লিখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

আলজিয়ার্স, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাবা ও ভাই হত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আইনকর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন গাদ্দাফি কন্যা আয়েশা গাদ্দাফি। আয়েশার পক্ষ থেকে তার আইনজীবী ওই চিঠিটি লিখেছেন। বুধবার নিক কফম্যান নামে আয়েশার ওই আইনজীবী এ খবর জানান। চিঠিতে বলা হয়, “মুয়াম্মার গাদ্দাফি ও তার সন্তান মোতাসসিমকে অত্যন্ত বীভৎসভাবে খুন করা হয়, এরপর তাদের প্রাণহীন দেহের প্রদর্শনী করা হয় ও পরে দেহগুলো বিকৃত করা হয়। এটি ইসলামি আইনের সুস্পষ্ট লঙ্ঘণ।” “সারা বিশ্বের গণমাধ্যমে এই নৃশংসতার ছবি প্রদর্শন করা হয়, যা আমার মক্কেলের প্রচণ্ড মানসিক পীড়নের কারণ হয়।” “এই চিঠি লেখা পর্যন্ত উল্লিখিত ব্যক্তিদের মৃত্যুর বিষয়ে আয়েশা গাদ্দাফি বা তার পরিবারকে অবহিত করা হয়নি। ওই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে যা কিছু ঘটেছে তা আপনার দপ্তরের মাধ্যমে তদন্তের জন্য আর্জি পেশ করছি।” গত অক্টোবরে গাদ্দাফি ও মোতাসসিমকে তাদের নিজ শহর সির্ত ছেড়ে পালানোর সময় আটক করা হয়। লিবিয়ার ক্ষমতাসীন নতুন নেতাদের অনুসারীরা তাদের আটক করার কিছুক্ষণ পরই হত্যা করে। তবে কেন ও কি পরিস্থিতিতে তাদের হত্যা করা হয় তা প্রকাশ করা হয় নি। এ ঘটনার আগেই অগাস্টে আয়েশাসহ গাদ্দাফি পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিবেশি দেশ আলজেরিয়ায় পালিয়ে যায়। নেদারল্যান্ডের হেগভিত্তিক আন্তর্জাতিক আদালত এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুয়াম্মার গাদ্দাফি, তার ছেলে সাইফ আল ইসলাম ও লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। চিঠিতে আয়েশা গাদ্দাফির আইনজীবী আইসিসির আইনকর্মকর্তার কাছে জানতে চান, তিনি আয়েশার বাবা ও ভাইয়ের হত্যাকাণ্ডের তদন্ত করছেন কিনা বা ওই হত্যাকাণ্ডের তদন্ত করতে লিবিয়ার কর্তৃপক্ষকে বাধ্য করার পদক্ষেপ নেবেন কিনা। গাদ্দাফিকে আটক করার আগ মুহূর্তে তাকে বহনকারী গাড়ি বহরে ন্যাটো বিমান হামলা চালিয়েছিলো বলে প্রকাশিত প্রতিবেদনর সূত্র ধরে আইসিসি খোঁজ নিচ্ছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে আয়েশার আইনজীবীর পাঠানো চিঠিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪১ ঘ.