লন্ডন, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোজোন বাঁচানোর নতুন ইইউ চুক্তিতে কেনো ভেটো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার কৈফিয়ত দিতে পার্লামেন্টে এমপিদের মুখোমুখি হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। (আরো তথ্যসহ)
উপ প্রধানমন্ত্রী নিক ক্লেগ ভেটোর সিদ্ধান্তকে ‘বিটেনের জন্য নেতিবাচক’ মন্তব্য করার পর এমপিদেরকে এর কারণ ব্যাখ্যা করতে হচ্ছে ক্যামেরনকে। নিজের সিদ্ধান্তের পক্ষে আপ্রাণ যুক্তি দেখানোর চেষ্টা করছেন তিনি।
ক্যামেরন বলেন, তিনি আসলে ইইউ চুক্তিতে সায় দেওয়ারই চিন্তা করেছিলেন। কিন্তু চুক্তিটি যুক্তরাজ্যের জাতীয় স্বার্থ পরিপন্থী হওয়ায় এতে ভেটো দিয়েছেন।
অর্থনৈতিক নিয়মবিধির ক্ষেত্রে ব্রিটেনের জন্য যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা করতে না পারাই এ ভেটোর কারণ, বলেন তিনি।
দেশের জন্য তিনি যা চেয়েছেন তা ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত এবং উপযোগী বলেও দাবি করেন ক্যামেরন।
আর ভেটো পদক্ষেপের পরও ব্রিটেনের জাতীয় স্বার্থের জন্য ইইউ সদস্যপদ অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে ডাউনিং স্ট্রিট থেকেও আগেই বলা হয়েছে, যুক্তরাজ্য ইইউ দেশগুলোর সঙ্গে ‘গঠনমূলকভাবে’ কাজ করে যাবে।
হাউজ অব কমন্সে ক্যামেরনের নিজ দলের অনেক মন্ত্রীই তার সিদ্ধান্তকে স্বাগত জানালেও লেবার পার্টিসহ লিবারেল ডেমক্রেটিক এমপিরা ইইউ থেকে ব্রিটেনকে বিচ্ছিন্নতার মুখে ঠেলে দেওয়ার জন্য ক্যামেরনের সমালোচনা করছেন।
লেবার পার্টির এড মিলিব্যান্ড যুক্তরাজ্যের অর্থনৈতিক খাতগুলো রক্ষায় ব্যর্থতার জন্য ডেভিড ক্যামেরনকে দুষেছেন।
ওদিকে, প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করছেন কেন তার সিদ্ধান্ত যুক্তরাজ্যের স্বার্থরক্ষায় সহায়ক হবে বলে তিনি মনে করেছেন।
ডেভিড ক্যামেরন শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইউ সম্মেলনে লিসবন চুক্তি পরিবর্তনের বিপক্ষে ভেটো দেন। ইউরো সংকট সমাধানে এবং এ সংকট যেন পুনরায় দেখা না দেয় এ লক্ষ্যে ওই সম্মেলন আয়োজন করা হয়।
ইউরোজোন সংকট সমাধানে কঠোর বাজেট নীতি মেনে নতুন চুক্তি করতে কেবলমাত্র ব্রিটেন ছাড়া ইইউ’র ২৬টি দেশ রাজি হয় ।
এ পদক্ষেপ নিয়ে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ছিটকে পড়ার ঝুঁকি নিয়েছে বলে রোববার সতর্ক করেন দেশটির উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ।
তিনি বলেন, ব্রিটেনে মোটেও ‘ভালো কাজ করেনি’। কারণ, এতে করে ব্রিটেন ইইউ থেকে ক্রমেই ‘বিচ্ছিন্ন এবং কোণঠাসা’ হয়ে পড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৬ঘ.
bdnews24