ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ও মধ্যডানপন্থী রাজনীতিবিদ ডোমিনিক ম্যারি ফঁসোয়া রেনে গালুজো দো ভিলেপিন ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভিলেপিন ফ্রান্সের টিএফওয়ান টেলিভিশন চ্যানেলে এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আমি বামপন্থী, ডানপন্থী ও মধ্যপন্থায় থাকা সব ফরাসি জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই। আমি ফ্রান্সের একটি নির্দিষ্ট ধারণাকে সংরক্ষণ করতে চাই।”
সাবেক এ প্রধানমন্ত্রী জানান, ফ্রান্সের জনগণকে বাজারের আইন (যা দিন দিন আরো কঠোর হচ্ছে) দ্বারা অপমানিত হতে দেখে তিনি ‘উদ্বিগ্ন’।
সম্প্রতি ভিলেপিন সারকোজির ইউএমপি’র সদস্যদের নিয়ে ইউনাইটেড রিপাবলিক নামে নতুন একটি দল গঠন করেছেন।
বিবিসি জানায়, ভিলেপিনের প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট বিরক্ত হবেন। কারণ তিনি প্রেসিডেন্ট প্রার্থী হলে এপ্রিলের শেষ নাগাদ অনুষ্ঠিতব্য প্রথম দফার নির্বাচনের মূল্যবান ভোটগুলো বিভক্ত হয়ে যাবে।
তবে ভিলেপিনের বেশ কয়কজন সাবেক বন্ধু ও সহযোগী প্রেসিডেন্ট সারকোজির ক্যাম্পে যোগ দেওয়ায় তাকে আর ততটা জোড়ালো প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে না।
এছাড়া পুলিশকে তথ্য না দিতে এক ব্যবসায়ীকে চাপ দেওয়ার অভিযোগে ইতোমধ্যেই ভিলেপিনের নাম দুর্নীতি তদন্তের তালিকায় যোগ হয়েছে।
ইউএমপি দলের নির্বাচন প্রধান নাদিন মোরানো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা বাদ দিয়ে সারকোজিকে সমর্থন দিতে ভিলেপিনের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভিলেপিন ‘২০১২ কে বিভক্ত করার মতো ভুল করবে না’ বলেও আশা প্রকাশ করেন তিনি।
মোরানো জানান, ভিলেপিন ইউএমপি পরিবারের সদস্য এবং তার উচিৎ হবে প্রেসিডেন্ট নির্বাচনের পর অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা।
সমাজতান্ত্রিক দলের সিনেটর অ্যান্ড্রু ভাল্যা বলেন, “আমাদের জন্য এটা কোনো সুখবর নয়। তবে সারকোজির জন্য তা খারাপ খবর।”
সমাজতান্ত্রিক দল সম্প্রতি এ নির্বাচনের জন্য তাদের দলের প্রার্থী হিসেবে ফ্রাঁসোয়া হোল্যান্দকে মনোনয়ন দিয়েছে।
২০০৩ সালে ভিলেপিন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ২০০৫-২০০৭ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৯ ঘ.
bdnews24