অসলো, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নোবেল শান্তি পুরস্কার নির্বাচক পর্ষদের প্রধান থর্বজোর্ন জাগল্যান্ড বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদও গণতান্ত্রিক পরিবর্তন মেনে নিতে বাধ্য হবেন।
অসলোয় এ বছর শান্তিতে নোবেল বিজয়ীদের কাছে এ পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, আরব বিশ্বের ওপর দিয়ে বয়ে যাওয়া ‘ঐতিহাসিক বাতাস’র কাছে পরাজিত হবেন প্রেসিডেন্ট আসাদ এবং তিনি গণতান্ত্রিক পরিবর্তন মেনে নিতে বাধ্য হবেন।
তিনি বলেন, “কোনো একনায়কই পরিণতিতে এ ঐতিহাসিক বাতাসে আশ্রয় পায় না।”
“এই সেই বাতাস যা মানুষকে বার্লিন দেওয়ালে নিয়ে গিয়েছিলো এবং তা গুড়িয়ে দিয়েছিলো। এই সেই বাতাস যা এখন আবর বিশ্বের ওপর দিয়ে বইছে।”
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর পতনের দাবিতে যে আন্দোলন হয়েছিলো তাতে ২০১১ সালে শান্তিতে নোবেল বিজয়ী ইয়েমেনের নারী অধিকারকর্মী তাওয়াকুল কারমানের ভূমিকা তুলে ধরেন জাগল্যান্ড।
তিনি বলেন, “প্রেসিডেন্ট সালেহও পারেননি এবং সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদও সফল হবেন না, মানুষের স্বাধীনতা ও মানবাধিকারের দাবিকে দমিয়ে রাখতে পারবেন না।”
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ‘ইতিহাসের সঠিক পথ’বেছে নেওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, “ইয়েমেন ও সিরিয়ার যেসব নেতা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য তাদের জনগণকে হত্যা করেছে তাদের এই কথাটি মনে রাখা উচিত যে, স্বাধীনতা ও মানবাধিকারের জন্য মানুষের সংগ্রাম কখনো শেষ হয় না।”
তাওয়াকুল কারমানের সঙ্গে যৌথভাবে এবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ ও তার স্বদেশী মানবাধিকারকর্মী লেমাহ গোবি।
নারীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে তাদের ভূমিকাকে সম্মান জানাতে এই তিন নারীকে এ পুরস্কার দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২২০৮ ঘ.
bdnews24