২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সঙ্গে আলোচনা চলছে: পাকিস্তানি তালেবান

পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে তালেবান। এতে ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

পেশোয়ার, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে তালেবান। এতে ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানি তালেবানের দ্বিতীয় শীর্ষ কমান্ডার মৌলভী ফকির মোহাম্মাদ শনিবার রয়টার্সকে বলেন, “আমাদের আলোচনা সঠিক পথেই এগোচ্ছে।” বাজাউর আদিবাসী অঞ্চলে কমান্ডারের দায়িত্ব পালনকারী এই তালেবান নেতা বলেন, “আলোচনা সফল হলে এবং বাজাউরে আমরা একটি শান্তি চুক্তি সই করতে পারলে সোয়াত, মোহামান্দ, ওরাকজাই, দক্ষিণ ওয়ারিজিস্তানের আদিবাসী অঞ্চলের মতো অন্যান্য এলাকায়ও সরকার ও তালেবানের মধ্যে চুক্তি হবে। এক্ষেত্রে অন্য এলাকাগুলোর জন্য বাজাউর আদর্শ মডেল হবে।” গত সেপ্টেম্বরের শেষদিকে ‘শান্তি প্রতিষ্ঠায় একটি সুযোগ প্রদান’ এবং নিজ দেশের জঙ্গিদের সঙ্গে আলোচনার প্রতিশ্র“তি দেয় পাকিস্তান সরকার। তবে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চলছে কি না সে বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র তালেবানের প্রতি পাকিস্তান সরকারের এ নমনীয় অবস্থান সুনজরে দেখে না। পাকিস্তানকে প্রতিবছর হাজার হাজার কোটি ডলার সামরিক সহায়তা প্রদানকারী পশ্চিমা এ দেশটি তেহরিক-ই- তালেবান পাকিস্তানের সঙ্গে সরকারের শান্তি আলোচনারও পক্ষে নয়। এ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে তারা। ফকির মোহাম্মাদ বলেন, সরকার এ বিষয়টি বুঝতে পেরেছে যে, সামরিক শক্তি প্রয়োগ করে পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, “আমাদের নিজেদের সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়াই এবং নিজেদের দেশ ধ্বংস করার কোনো ইচ্ছা আমাদের নেই।” “আমাদের শান্তি আলোচনায় অগ্রগতি আছে। তবে সরকারকে তার অবস্থানে আরো নমনীয় হতে হবে। এছাড়া সামরিক অভিযান বন্ধ ও বন্দিদের মুক্তি দিয়ে সরকারের প্রতি তালেবান যোদ্ধাদের আস্থা ফিরিয়ে আনতে হবে।” তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার প্রতি সদিচ্ছা দেখাতে সরকার তাদের ১৪৫ জন বন্দিকে মুক্তি দিয়েছে এবং তারাও অস্ত্র বিরতির প্রতিশ্র“তি দিয়েছে। মুসলমানদের ওপর ‘অমুসলিমদের’ বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান ও আফগানিস্তানের একজোট হয়ে রুখে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন এই তালেবান নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৮২৭ ঘ.