ইসলামাবাদ, ০৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারিদারি এখন সুস্থ এবং শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
অসুস্থতার কারণে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর গুজবও নাকচ করে দিয়েছেন তিনি।
জারদারির বরাত দিয়ে পাকিস্তানের জনপ্রিয় সংবাদ উপস্থাপক হামিদ মীর শুক্রবার একথা জানান।
সপ্তাহখানেক আগে চিকিৎসার জন্য জারদারি দুবাই ছুটে গেলে গণমাধ্যমে গুজব রটে অসুস্থার জন্য তিনি পদত্যাগ করতে পারেন, এমনকি সামরিক আগ্রাসনেরও আশঙ্কা প্রকাশ করা হয়।
কিন্তু জারদারি সে জল্পনা উড়িয়ে দিয়ে হামিদ মীরকে জানালেন, “আমি সুস্থ আছি। শিগগিরই দেশে ফিরবো।” পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, “আমি দেশ ছেড়ে যেতে চাইনি। আমার ছেলে-মেয়ে, বন্ধুবান্ধব এবং প্রধানমন্ত্রী আমাকে চিকিৎসার জন্য দুবাই যেতে পীড়াপীড়ি করেছে।”
চিকিৎসার জন্য দুবাই গমনকারী জারদারি অসুস্থতাজনিত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন বলে বুধবার যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিন দাবি করেছিল।
ওই ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে দ্য ডন সংবাদপত্র জানিয়েছিলো, যুক্তরাষ্ট্রের একজন সাবেক সরকারি কর্মকর্তা দাবি করেছেন, ওয়াশিংটন জানতে পেরেছে, সোমবার রাতে প্রেসিডেন্ট জারদারির মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দুবাই নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওমাবা যখন জারদারির সাথে টেলিফোনে আলাপ করছিলেন তখন জারদারির কথাবার্তা অসংলগ্ন ছিল এবং জড়িয়ে যাচ্ছিল।
তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন আইনপ্রণেতা ও সিন্ধের তথ্যমন্ত্রী সাজিয়া মারি এ ধরনের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে বলেছিলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই প্রেসিডেন্ট জারদারি দুবাই গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩৯ঘ.
bdnews24