ব্রাসেলস, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যকে বাদ দিয়েই ইউরো বাঁচাতে নতুন একটি চুক্তি করতে নীতিগতভাবে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অধিকাংশ দেশ।
ইউরোজোনের ঋণ সঙ্কট সামলাতে একটি অভিন্ন অর্থনৈতিক নীতিমালা তৈরি করবে তারা। জার্মানি ও ফ্রান্স এতে থাকলেও যুক্তরাজ্যের প্রবল আপত্তি ছিলো এতে।
শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ সম্মেলনে ইউরোজোনের ১৭টি দেশ চুক্তির পক্ষে অবস্থান জানায়। এখন পর্যন্ত ইউরো ব্যবহার না করা ইইউভুক্ত নয়টি দেশ জানিয়েছে, তারা একমত হলেও দেশে আরো আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।
এ চুক্তি সম্পর্কে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের মূল্যায়ন, “একটি স্থিতিশীল ইউরোপ গড়ে তোলার লক্ষ্যে এটি এক দারুণ পদক্ষেপ। প্রবল ঋণ সংকটের পটভূমিতে অভিন্ন মুদ্রা ইউরোতে আস্থা ফেরাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
যুক্তরাজ্যে ইউরো ব্যবহার করে না। তাই ইউরো বাঁচাতে অভিন্ন নীতিমালার পরিকল্পনার ঘোর বিরোধিতা করে তারা জানায়, এতে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণœ হবে।
তাছাড়া, কঠোর অর্থনৈতিক নিয়মকানুনের বেড়াজাল থেকেও যুক্তরাজ্যকে মুক্ত রাখার যুক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
নতুন চুক্তিতে বাজেট নীতি নিয়ে কড়া নিয়ম কানুন মেনে চলার প্রস্তাব রয়েছে এবং কেউ নিয়ম ভঙ্গ করলে কড়া শাস্তিরও বিধান আছে, যুক্তরাজ্য তা মানতে নারাজ।
এ বিষয়ে ক্যামেরন বলেছেন, “চুক্তিতে যা আছে তা ব্রিটেনের স্বার্থের পরিপন্থি। সেকারণেই আমি এতে রাজি নই। আমরা ইউরোর মধ্যে নেই। আমরা ইউরোজোনে যোগও দেবো না। আর তাই আমরা সার্বভৌমত্বও বিকাবো না।”
তবে প্রস্তাবিত নতুন ইইউ চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়ে ব্রিটেনের জাতীয় স্বার্থেই কাজ করেছেন বলে দাবি করেন ক্যামেরন।
ফলে ব্রিটেনকে ছাড়াই ইউরোজোনের ১৭টি দেশের সঙ্গে ইইউ’র ছয়টি দেশ নতুন নীতিমালার বিষয়ে কাজ চালিয়ে যায়।
পরে ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভন রম্পয় বলেন, “ প্রকৃতপক্ষে ইইউ’র ২৬টি দেশের নেতাই ইউরোজোনকে বাঁচানোর চেষ্টায় শামিল হয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/আরআরডি/এমআই/০০৪১ ঘ.
bdnews24