ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতার এএমআরআই হাসপাতালে বড় ধরনের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশির ভাগই রোগী। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে হাসপাতালের ৬ পরিচালক।
পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রথমে হাসপাতালের দুই মালিক আর এস গোয়েঙ্কা এবং এসটি তোদি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
অন্যদিকে, তোদির দুই ছেলে এবং হাসপাতাল বোর্ডের আরো দুজন জেরার জন্য লালবাজার পুলিশ দপ্তরে যাওয়ার পর তাদেরকেও গ্রেপ্তার করে হাজতে ঢোকানো হয়েছে। ৬ জনকেই আগামীকাল আদালতে নেওয়া হবে।
এএমআরআই হাসপাতালটি আরএস গোয়েঙ্কা এবং এসকে তোদির মালিকানায় ইমামি গ্র“প এবং শ্রচী গ্র“পের যৌথ উদ্যোগে পরিচালিত।
হাসপাতালটিতে অগ্নি নিরাপত্তা আইন মানায় গাফিলতির অভিযোগ করেছে অগ্নিকান্ডে নিহতদের পরিবার এবং সরকারপক্ষ।
আগুন লাগার পর রোগীদের ফেলে হাসপাতালের ডাক্তার ও অন্যান্য কর্মীদের পালিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। এ সমস্ত অভিযোগের মুখেই পুলিশ ৬ পরিচলককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালটির একটি ভবনের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত চারটি তলায় ছড়িয়ে পড়ে। পুরো হাসপাতালে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক।
রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী জাভেদ খান ও কলকাতার পুলিশ কমিশনার আর কে পঁচানন্দ সকালেই ঘটনাস্থলে ছুটে যান।
দমকলের ২৫টি ইউনিট ৬ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। হাসপাতালে ঢোকার পথ সংকীর্ণ হওয়ায় অসুবিধার মুখে পড়তে হয় তাদের।
উদ্ধারকাজে কর্তৃপক্ষের গাফিলতির কারণে ইতোমধ্যেই হাসপাতালটির অনুমোদন বাতিল করেছে পশ্চিমবঙ্গ সরকার।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ‘অমার্জনীয় অপরাধ’। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তি পেতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেজমেন্ট আগুন লাগার পর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ধোঁয়া অন্যান্য তলায় ছড়িয়ে যায়। ওই ভবনের ১৬০টি শয্যাতে তখন রোগী ভর্তি ছিল।
খবর পেয়ে দমকলকর্মীরা মই বেয়ে উঠে ভবনের বাইরের কাচ ভেঙে কপিকলের সাহায্যে রোগীদের নিচে নামিয়ে আনতে শুরু করেন।
কলকাতা দমকল বিভাগের প্রধান গোপাল ভট্টাচার্য সাংবাদিকদের জানান, তারা ৮৫ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়েছেন।
কলকাতার একটি টেলিভিশন চ্যানেলের খবরে দেখা যায়, কয়েকজন রোগী হাসপাতাল ভবনের জানালা দিয়ে সাদা পতাকা উড়িয়ে সাহায্য চাইছেন। আরেকটি জানালা বেয়ে এক রোগীকে নেমে আসার চেষ্টা করতে দেখা যায়, যার হাতের সঙ্গে তখনো স্যালাইনের বোতল বাঁধা ছিল।
দমকল কর্তৃপক্ষ এখনো আগুন লাগার কারণ জানাতে না পারলেও ফিরহাদ হাকিম ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, হাসপাতালের বেজমেন্টে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। গ্যারেজের সঙ্গেই এসব রাখা হয়েছিল। ফলে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
এদিকে হাসপাতালে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ভোরেই সেখানে বহু মানুষের ভিড় জমে যায়। হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা এ অগ্নিকাণ্ডের জন্য কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে অভ্যর্থনা কক্ষে ভাঙচুর চালান।
এর আগে ২০০৮ সালেও একবার বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এই হাসপাতালে। ওই অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/সিআর/এলকিউ/১৯৩২ ঘ.
bdnews24