ডারবান, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনের ফলে অস্তিত্ত্ব সঙ্কটে পড়েছে রুয়ান্ডার গরিলারা। নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
এতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে শুধু মেরু অঞ্চলের শ্বেতভাল্লুকই নয়, রুয়ান্ডার গরিলাদের অস্তিত্ত্বও বিপন্ন হচ্ছে।
আপাতঃদৃষ্টিতে নিজস্ব পরিমণ্ডলে গরিলাগুলোর বিচরণ স্বাভাবিক মনে হলেও খাবার খুঁজে পেতে হিমশিম খাচ্ছে তারা।
দক্ষিণ আফ্রিকার জলবায়ু সম্মেলনে প্রকাশিত জাতিসংঘের এ নতুন গবেষণা প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, বিশ্বে প্রাণীজগতের প্রায় এক-তৃতীয়াংশ প্রাণী অস্তিত্ত্ব সঙ্কটে পড়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কর্মকর্তা এডুয়ারডো রোজাস বলেছেন, “রুয়ান্ডার পার্বত্যাঞ্চলের গরিলারা যে সঙ্কটে পড়েছে তা কোনো দৈব দুর্বিপাক নয়। এ গবেষণায় আমরা বন্যপ্রাণীর ওপর আলোকপাত করার চেষ্টা করেছি, কোন কোন স্থানে সমস্যার শুরু এবং ভবিষ্যতে কোথায় আরো সমস্যার আশঙ্কা রয়েছে তা দেখানোর চেষ্টা করেছি।”
এক্ষেত্রে সবচেয়ে সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে পার্বত্যাঞ্চল এবং উপকূলীয় নিম্নাঞ্চলগুলোতে। এ সমস্ত স্থানে জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ অত্যন্ত সুস্পষ্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/সিআর/১১২৮ঘ.
bdnews24