২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের নৌবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন জিনতাও

চীনের নৌবাহিনীকে দ্রুত আধুনিকায়ন করে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন প্রেসিডেন্ট হু জিনতাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চীনের নৌবাহিনীকে দ্রুত আধুনিকায়ন করে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন প্রেসিডেন্ট হু জিনতাও। বুধবার চীনের উর্ধ্বতন সামরকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে হু দেশের নৌবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন বলে জানিয়েছে বিবিসি। বৈঠকে তিনি বলেন, “দ্রুত আধুনিকায়নের কাজ শেষ করে চীনের জাতীয় নিরাপত্তায় আরো বেশি ভূমিকা রাখতে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নেয়া উচিত নৌবাহিনীর।” চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে হুয়ের ভাষণের ভাষান্তরে ‘যুদ্ধপ্রস্তুতি’ শব্দটি ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান মতোবিরোধই হু জিনতাওয়ের এ ধরনের পরামর্শ দেওয়ার কারণ। ইতোমধ্যেই দক্ষিণ চীন সাগরে চীনের আক্রমণাত্মক উপস্থিতির বিষয়ে উপর্যুপরি আপত্তি জানিয়েছে ভিয়েতনাম ও ফিলিপাইন। এ পরিস্থিতিতে হু এর মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে, নিজেকে রক্ষা করার উদ্দেশ্যেই চীন এ কথা বলেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেন, উত্তর আস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াবে এবং প্রশান্ত মহাসাগরীয় শক্তি হিসেবে ওই এলাকায় তারা অবস্থান করবে। উত্তর অস্ট্রেলিয়ার অবস্থান দক্ষিণ চীন সাগরের খুব কাছে হওয়ায় যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ ওই এলাকায় চীনের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার শামিল বলে মনে করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২০ঘ.