জেনেভা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরিয়ে সহিষ্ণু ও স্বাধীন নতুন সিরিয়া গড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আসাদবিরোধী সিরিয়ার ন্যাশনাল কাউন্সিলের সদস্যদের সাথে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।
মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে হিলারি বলেন, “শুধু আসাদকে ক্ষমতা থেকে সরালেই হবে না, দেশে আইনের শাসনও প্রতিষ্ঠা করতে হবে সিরিয়াবাসীকে।”
“আসাদের শাসন অবসানের পর গণতান্ত্রিক রূপান্তরও নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, নাগরিকদের সার্বজনীন মানবাধিকার রক্ষা করতে হবে, নৃতাত্ত্বিক, সা¤প্রদায়িক ও লৈঙ্গিক সমতা বিধান করতে হবে,” বলেন তিনি।
এদিকে, সিরিয়া থেকে প্রত্যাহার করা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে আবার দামেস্কে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ওয়াশিংটন থেকে জানানো হয়, প্রত্যাহারের দেড় মাস পর তারা রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডকে আবার দামেস্কে ফেরত পাঠাচ্ছে।
নিরাপত্তাজনিত কারণে ফোর্ডকে দামেস্ক থেকে প্রত্যাহার করা হয়েছিলো। ওই সময় সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে তিনি আসাদ সরকারের বিরাগভাজন হয়েছিলেন ।
নয় মাস আগে তিউনিসিয়া ও মিশরের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রাণিত হয়ে শান্তিপূর্ণভাবেই সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছিলো। কিন্তু বাশার আল আসাদ সরকারের কঠোর দমন-পীড়নে নিষ্পেষিত বিরোধীরা সংগঠিত হয়ে অস্ত্র তুলে নেয়। ফলে প্রায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সিরিয়া।
গত নয়মাসের আন্দোলন চলাকালে সিরিয়ায় প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫১ ঘ.
bdnews24