২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিশরের সর্বোচ্চ ক্ষমতা পাচ্ছেন প্রধানমন্ত্রী’

মিশরের নতুন প্রধানমন্ত্রী কামাল আল গানজুরিকে বাড়তি ক্ষমতা দিচ্ছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যদিয়ে তার হাতে দেশের সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত হবে বলে তিনি নিজেই জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 06:51 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

কায়রো, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের নতুন প্রধানমন্ত্রী কামাল আল গানজুরিকে বাড়তি ক্ষমতা দিচ্ছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যদিয়ে তার হাতে দেশের সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত হবে বলে তিনি নিজেই জানিয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী গানজুরি জানান, “আজ (মঙ্গলবার) সন্ধ্যায় অথবা আগামীকাল (বুধবার) সেনাবাহিনী একটি ডিক্রি জারি করে দেশের সর্বোচ্চ ক্ষমতা আমার কাছে হস্তান্তর করবে।” তবে সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট বিষয়াবলী ও বিচার বিভাগের বিষয়গুলো সেনাপরিষদের হাতেই থাকবে বলে জানিয়েছেন তিনি। অবশ্য এর বেশি আর কিছু তিনি জানাননি। দু’সপ্তাহ আগে মিশরের ক্ষমতাসীন সেনাপরিষদ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের অধীনেও মিশরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেও এখনও পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করতে পারেন নি। তবে বুধবারের মধ্যে মন্ত্রিসভা চূড়ান্ত করে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। অর্থমন্ত্রী হিসেবে মুমতাজ আল সায়িদকে নিয়োগ দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিসভার দুটি পদে নিয়োগ চূড়ান্ত করা এখনো বাকি। তবে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মন্ত্রিসভার শপথের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪৩ ঘ.