২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদত্যাগ করতে পারেন জারদারি’

পাকিস্তানের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে পারেন আসিফ আলি জারদারি। চিকিৎসার জন্য দুবাই গমনকারী জারদারি অসুস্থতাজনিত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন বলে বুধবার যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিন দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 04:29 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে পারেন আসিফ আলি জারদারি। চিকিৎসার জন্য দুবাই গমনকারী জারদারি অসুস্থতাজনিত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন বলে বুধবার যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিন দাবি করেছে। ওই ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে দ্য ডন সংবাদপত্র জানায়, যুক্তরাষ্ট্রের একজন সাবেক সরকারি কর্মকর্তা দাবি করেছেন, ওয়াশিংটন জানতে পেরেছে, সোমবার রাতে প্রেসিডেন্ট জারদারির মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দুবাই নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন ওই ম্যাগাজিনের প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওমাবা যখন জারদারির সাথে টেলিফোনে আলাপ করছিলেন তখন জারদারির কথাবার্তা অসংলগ্ন ছিল এবং জড়িয়ে যাচ্ছিল। তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন আইনপ্রণেতা ও সিন্ধের তথ্যমন্ত্রী সাজিয়া মারি এ ধরনের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই প্রেসিডেন্ট জারদারি দুবাই গেছেন। গত ২৬ নভেম্বর ন্যাটোর বিমান ও হেলিকপ্টার হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে দুঃখপ্রকাশ করে জারদারিকে ফোন করেছিলেন ওবামা। ওই ঘটনায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ব্যাপক অবণতি হয়। বর্তমানে উভয়দেশই পারস্পরিক সম্পর্কোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৯ ঘ.