ওয়াশিংটন, ০৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের আল্টিমেটামের মুখে বেলুচিস্তানের প্রত্যন্ত শামসি বিমান ঘাঁটি ছেড়ে যেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনারা।
এ ঘাঁটি থেকেই জঙ্গিদের ওপর চালকবিহীন বিমান হামলা চলিয়ে আসছিলো যুক্তরাষ্ট্র।
কিন্তু গত মাসে ন্যাটো হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের জেরে পাকিস্তান ওবামা প্রশাসনকে প্রেস রিলিজ পাঠিয়ে ১১ ডিসেম্বরের মধ্যে শামসি ঘাঁটি খালি করার নির্দেশ দেয়।
এরপরই ঘাঁটিটি থেকে সেনা ও কর্মকর্তাদের সরিয়ে ফেলার পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। পাক-মার্কিন কয়েকটি সূত্র এ খবর জানিয়েছে।
সোমবার পাকিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আমেরিকাকে সময়সীমা বেঁধে দেওয়ায় বিমান ঘাঁটিতে কিছু পরিবর্তন ঘটছে। তারা সেনা-কর্মকর্তাসহ কিছু সাজ-সরঞ্জামসহ সরিয়ে নিতে শুরু করেছে।”
পাকিস্তান ও মার্কিন সরকার সংশ্লিষ্ট আরো দু’জন এ খবর নিশ্চিত করেছেন।
পেন্টাগনের প্রেস সচিব জর্জ লিটল সোমবার এ সম্পর্কে বলেছেন, “আমরা শামসির ব্যাপারে সরাসরি কিছু বলব না, কিন্তু আমরা পাকিস্তানের অনুরোধে সাড়া দেবো।”
পাকিস্তানে এ বিমান ঘাঁটিটি ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্রের সেনা ও গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’।
শামসি থেকেই আল কায়েদা ও তালেবান অনুগত জঙ্গি বাহিনী এবং পাকিস্তানে উদ্ভূত হাক্কানি নেটওয়ার্কের সন্দেহজনক আস্তানাগুলোতে চালকবিহীন বিমান দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চলতো।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর চালক বিহীন বিমান হামলা আরো বেড়ে যায়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, আল কায়েদার কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস করতে এ অভিযান যথেষ্ট সফল হয়েছে। এতে সংশ্লি¬ষ্ট জঙ্গি দলগুলোও কোণঠাসা হয়ে পড়েছে।
গত মে মাসে পাকিস্তানি কর্মকর্তাদের না জানিয়ে গোপন অভিযানে অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করার পরই পাকিস্তান প্রথম যুক্তরাষ্ট্রকে শামসি থেকে সরে যেতে বলে।
এরপর পরিস্থিতি ঠান্ডা করতে চালক বিহীন বিমান হামলা কমিয়েছিলো যুক্তরাষ্ট্র।
কিন্তু সর্বশেষ ন্যাটো বিমান হামলায় পাক সেনা নিহতের ঘটনার পর ক্ষুব্ধ পাকিস্তান ঘাঁটি খালি করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়িয়েছে।
ন্যাটো হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে বারবার দুঃখ প্রকাশ করলেও এ ব্যাপারে ক্ষমা চায়নি। ফলে দু’দেশের মধ্যে সম্পর্কে জটিলতা কাটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৩ঘ.
bdnews24