ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়ার নির্বাচনে জালিয়াতির অভিযোগে বিক্ষোভের পর মস্কোয় নামানো হচ্ছে হাজার হাজার সেনা-পুলিশ।
লরিতে করে তারা মস্কোর কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে।
রাশিয়ায় সদ্য অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় সোমবার রাতে মস্কোয় প্রতিবাদ-বিক্ষোভে নামে প্রায় ৩ থেকে ৫ হাজার মানুষ।
তারা ‘বিপ্লব’ ধ্বনিতে স্লোগান দেওয়া ছাড়াও ‘পুতিন মুক্ত রাশিয়া চাই’ স্লোগান দেয়।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। গ্রেপ্তার হয় প্রায় ৩শ বিক্ষোভকারী।
কয়েকবছরের মধ্যে রাশিয়ার বিরোধীদের এটিই অন্যতম বড় ধরনের বিক্ষোভ।
এ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোয় সেনাদল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কর্ণেল ভিসলি পাঞ্চেনকভ।
পর্যবেক্ষকরা নির্বাচনে নিয়ম ভঙ্গের অভিযোগ করেছেন।
তাছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও রাশিয়ার নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৮ঘ.
bdnews24