২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনিশ্চয়তার মুখে বন সম্মেলন

পাকিস্তানের সম্মেলন বর্জন, ইরানের সঙ্গে পশ্চিমাদের টানাপোড়েন এবং সর্বপোরি ইউরোপের টালমাটাল অর্থনৈতিক অবস্থার কারণে ‘আফগানিস্তানের ভবিষ্যৎ’ বিষয়ে আয়োজিত বন সম্মেলন সফলতার মুখ দেখবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

বন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সম্মেলন বর্জন, ইরানের সঙ্গে পশ্চিমাদের টানাপোড়েন এবং সর্বপোরি ইউরোপের টালমাটাল অর্থনৈতিক অবস্থার কারণে ‘আফগানিস্তানের ভবিষ্যৎ’ বিষয়ে আয়োজিত বন সম্মেলন সফলতার মুখ দেখবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য সোমাবার জার্মানির বন শহরে আন্তর্জাতিক এ সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী বক্তব্যে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ২০১৪ সালে বিদেশি সেনা প্রত্যাহারের পর দেশের জন্য আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন। প্রথম বন সম্মেলনের ১০ বছর পর নতুন করে এ সম্মেলন হচ্ছে। এ সময়ের মধ্যে আফগানিস্তান পরিস্থিতির যে অগ্রগতি হয়েছে তার প্রশংসা করেছেন কারজাই। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এই অগ্রগতি নিরপত্তার জন্য যথেষ্ট নয়। বন সম্মেলন ভবিষ্যতে আফগানিস্তানের ভিত্তি আরো মজবুত করার সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন কারজাই। আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর দেশটির ভবিষ্যৎ কেমন হবে পশ্চিমা দেশগুলো এই সম্মেলন থেকেই তার রূপরেখা তৈরি করতে চায়। তারা চায় তাদের বাহিনী প্রত্যাহারের পরও আফগানিস্তানে একটি শক্তিশালী পশ্চিমা পন্থী সরকার থাকুক যারা বিরোধীপক্ষকে মোকাবেলা করতে পারবে। এর আগে অধিকৃত আফগানিস্তান ছেড়ে সোভিয়েত বাহিনী চলে যাওয়ার চার বছরের মধ্যে গৃহযুদ্ধে সোভিয়েত সমর্থিত সরকারের পতন ঘটে। পরবর্তিতে আফগানিস্তান কট্টরপন্থি তালেবানদের হাতে চলে যায়। তারা সোভিয়েত সমর্থিত প্রেসিডেন্টকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। আফগানিস্তানের বর্তমান কারজাই সরকারের এ ধরনের বিপর্যকর ভবিষ্যৎ এড়াতে চায় পশ্চিমারা। বন সম্মেলনে যোগ দিতে আসা পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইদো ভেস্টারভেলে বলেছেন, “আমরা ঐতিহাসিক ভুলের পুনারাবৃত্তি হতে দিতে পারি না। ২০১৪ সালই আফগানিস্তানে আমাদের উপস্থিতির শেষ নয়। এরপর আমরা আফগানিস্তানকে ভুলে যাব না। আফগানিস্তানে আমাদের অংশগ্রহণ থাকবে।” ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা এবং তারপর তালেবান সরকারকে ক্ষমতা থেকে হটানোর পর আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে প্রথম বন সম্মেলনের ১০ বছর পার হয়েছে। কিন্তু আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ একটুও কমেনি, বিশেষ করে নিজ নাগরিকদের নিরাপত্তা রক্ষায় আফগান সরকারের সামর্থ্যরে প্রশ্নে। পশ্চিমা বাহিনী চলে যাওয়ার পর আফগান পুলিশ ও সেনাবাহিনীর তহবিল যোগানের প্রশ্ন আছে, সেখানে কে কিভাবে অংশগ্রহণ করবে তা ঠিক করতে হবে। যা টালমাটাল অর্থনেতিক অবস্থার মধ্যে থাকা ইউরোপীয় দেশগুলোর জন্য কঠিন হবে। এছাড়া, তালেবানদের সঙ্গে প্রাথমিক অবস্থায় থাকা শান্তি আলোচনার ভবিষ্যৎও ঠিক করতে হবে এ সম্মেলনে। আফগানিস্তান অভ্যন্তীরণ বিষয়ে সবচেয়ে প্রভাববিস্তারকারী প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সাংঘর্ষিক সম্পর্কও আফগাস্তিানের ভবিষ্যতকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে। আর আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সবচেয়ে প্রভাবশালী প্রতিবেশী পাকিস্তানকে ছাড়া আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণ প্রায় অসম্ভব। কিন্তু সীমান্তে ন্যাটো হামলায় ২৪ সেনা নিহত হওয়ার প্রতিবাদে সম্মেলনটি বর্জন করছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭২২ঘ.