ওয়াশিংটন, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান সীমান্তে ন্যাটো হমলার জন্য নতুন করে গভীর সমবেদনা জানাতে পাক-প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
আফগানিস্তানের ভবিষ্যৎ প্রশ্নে জার্মানির বন শহরে আন্তর্জাতিক সম্মেলন শুরুর দুইদিন আগে শনিবার গিলানিকে ফোন করেন হিলারি। ন্যাটো হামলার প্রতিবাদে পাকিস্তান ওই সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে।
গত ২৫ নভেম্বর, শুক্রবার গভীর রাতে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের আফগান সীমন্তের মোহমান্দ এলাকায় পাকিস্তানের একটি সেনা চৌকির ওপর হামলা চালায় আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনী। এতে ২৪ পাকিস্তানি সেনা নিহত হয়।
এ ঘটনায় পাকিস্তান ক্ষুব্ধ হয় এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের অবনতি ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনাতে ট্র্যাজেডি আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করার পর এবার হিলারিও এ ঘটনায় শোক প্রকাশ করলেন।
পাকস্তিানের প্রধানমন্ত্রীকে হিলারি বলেন, “গত সপ্তাহে মোহমান্দে পাকিস্তানি সেনাদের অনিচ্ছাকৃত ও মর্মান্তিক মৃত্যুর জন্য নিহতের পরিবার ও পাকিস্তানি জনগণের কাছে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”
পাকিস্তানের স্বার্বভৌমত্বকে শ্রদ্ধা করে হিলারি বলেন, “পারস্পারিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে যৌথ অংশীদারিত্বে দু’দেশের প্রতিশ্র“তির প্রতি যুক্তরাষ্ট্র শ্রদ্ধাশীল।”
এর আগে গত মে মাসে আল কায়েদার প্রধান নেতা ওসামা বিন লাদেন হত্যা নিয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে প্রকাশ্য টানাপোড়েন শুরু হয়। যুক্তরাষ্ট্র মিত্র পাকিস্তানকে আগাম কোনো সংবাদ না দিয়েই দেশটির অ্যাবোটাবাদ শহরে লুকিয়ে থাকা আল কায়েদার শীর্ষ নেতাকে রাতের আঁধারে গোপন অভিযান চালিয়ে হত্যা করে।
এ ঘটনায় পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ ওঠে। সম্পর্ক সহজ করার চেষ্টা নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু আরো কিছু বিষয় নিয়ে দুদেশের ভুলবোঝাবুঝি বাড়তে থাকে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা নেয়।
কিন্তু ঠিক এ সময়টাতেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহত হয়।
পাকিস্তানকে ছাড়া আফগানিস্তানের ভবিষ্যৎ প্রশ্নের কোন সুরাহা হওয়া সম্ভব নয়। তাই ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর ওই এলাকায় প্রভাব বজায় রাখতে পাকিস্তানকে দরকার যুক্তরাষ্ট্রের।
কিন্তু পাকিস্তানে ন্যাটো হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দুঃখ প্রকাশ করলেও এখনো এ ঘটনার জন্য ক্ষমা চায়নি। হোয়াইট হাউজ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলতে থাকায় এবং তদন্ত প্রাথমিক অবস্থায় থাকায় এখনই ঘটনার জন্য ক্ষমা চাওয়া ঠিক হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫০৩ঘ.
bdnews24