২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সফরে হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার তিন দিনের সফরে মিয়ানমারের রাজধানী নিপিধোতে পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

নায়পিতে, মিয়ানমার, ৩০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার তিন দিনের সফরে মিয়ানমারের রাজধানী নিপিধোতে পৌঁছেছেন। অর্ধ শতকেরও বেশি সময় পর এই প্রথম কোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করছেন। এর আগে ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডুলেস মিয়ানমার সফর করেছিলেন। হিলারি মিয়ানমারের সংস্কার কর্মসূচিতে আরো অগ্রগতির আশা নিয়েই এ সফরে গেছেন। নতুন মিয়ানমার সরকার যে সংস্কার শুরু করেছে তা আরো ব্যাপক পরিসরে নতুন মোড় নেবে বলেই আশা করছেন তিনি। সফরকালে হিলারি সেনা সমর্থিত নতুন বেসামরিক সরকারের নেতারাসহ গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র সঙ্গেও বৈঠক করবেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট থিয়েন সেইন এবং সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে নিপিধোতে সাক্ষাৎ করবেন তিনি। ১৯৬২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যম ক্ষমতা দখলের পর গত নভেম্বর পর্যন্ত মিয়ানমারে সামরিক সরকার ক্ষমতায় ছিল। এখন সেখানে ক্ষমতায় এসেছে সেনা-সমর্থিত বেসামরিক সরকার। হিলারির নীল-সাদা রঙের বিমান বুধবার নিপিধোর বিমানবন্দরে পৌঁছায়। কিন্তু হিলারিকে স্বাগত জানাতে তেমন উষ্ণ অথভ্যর্ত্থনার আয়োজন ছিলো না সেখানে। মুষ্টিমেয় কয়েকজন সরকারী কর্মকর্তা তাকে স্বাগত জানায়। তিনি যে হোটেলে থাকবেন তার সামনে কয়েকজন পুলিশ মোতায়েন করা ছাড়া হিলারির সফরকে ঘিরে চোখে পড়ার মত কোন নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি নিপিধোতে। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সংস্কারের জন্য তাগাদা দেওয়ার পাশাপাশি মিয়ানমার সরকারকে উত্তর কোরিয়ার সঙ্গে গোপন সামরিক চুক্তি বাতিল করার আহ্বান জানানোও হিলারির এ সফরের উদ্দেশ্য। মিয়ানমার উত্তর কোরিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পাওয়ার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমনটিই ধারণা করছেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১১ঘ.