২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নরওয়ের খুনী ব্রেইভিক মানসিক রোগী’

নরওয়ের আত্মস্বীকৃত খুনী আন্দ্রে ব্রেইভিককে শেষ পর্যন্ত মানসিক রোগী বলে রায় দিয়েছেন আদালত-নিযুক্ত দুই মনোচিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

নরওয়ে, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নরওয়ের আত্মস্বীকৃত খুনী আন্দ্রে ব্রেইভিককে শেষ পর্যন্ত মানসিক রোগী বলে রায় দিয়েছেন আদালত-নিযুক্ত দুই মনোচিকিৎসক। তাদের রিপোর্টে বলা হয়েছে, ব্রেইভিক প্যারানয়েড সিজোফ্রেনিয়ায় ভুগছেন। ২২ জুলাইয়ে অসলোর কেন্দ্রস্থলে বোমা হামলা এবং উটোইয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সমাবেশে হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যার ঘটনা ব্রেইভক মানসিক অসুস্থতার কারণেই ঘটিয়েছেন বলে ধারণা মনোবিদদের। ব্রেইভিক ওই হামলার কথা স্বীকার করলেও নিজেকে দোষী মানেননি। তিনি বলেছেন, এ হত্যাযজ্ঞ অপরাধ; কিন্তু এর প্রয়োজন ছিলো। মঙ্গলবার তার সম্পর্কে মনোবিদদের রায় জানিয়ে আদালতের কৌসুলি সেইন হোল্ডেন এক সাংবাদিক সম্মেলনে বলেন, “শেষ কথা হচ্ছে, সে মানসিকভাবে অসুস্থ। সে তার অলীক বিশ্বাস থেকেই ওই কাণ্ড করেছে। ব্রেইভিকের মানসিক অসুস্থতা নিয়ে ২৪৩ পাতার রিপোর্ট পর্যালোচনা করবে নরওয়ের ‘বোর্ড অব ফরেনসিক মেডিসিন’ এর একটি প্যানেল। আদালত এ রিপোর্ট মেনে নিলে ব্রেইভিককে জেলে না পাঠিয়ে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হতে পারে। ১৬ এপ্রিলে শুনানির জন্য আদালতে হাজির হওয়ার কথা রয়েছে ব্রেইভিকের। কিন্তু ফরেনসিক মেডিসিন প্যানেল এরই মধ্যে তার মানসিক অসুস্থতার রিপোর্ট অনুমোদন করলে তিনি বিচার থেকে রেহাই পাবেন কিনা তা এখনো বোঝা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৫ঘ.