২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ব্রিটিশ দূতাবাসে ভাঙচুর

বিক্ষুব্ধ ইরানিরা মঙ্গলবার তেহরানের ব্রিটিশ দূতাবাসে হানা দিয়ে ভাংচুর চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

তেহরান, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিক্ষুব্ধ ইরানিরা মঙ্গলবার তেহরানের ব্রিটিশ দূতাবাসে হানা দিয়ে ভাংচুর চালিয়েছে। ইরানের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে মিছিল চলাকালে বিক্ষোভকারীরা দূতাবাস কম্পাউন্ডে ঢুকে পড়ে জানালা ভাংচুর করে। ব্রিটেনের পতাকা পুড়িয়ে সে জায়গায় ইরানের পতাকাও টাঙায় তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি এ দৃশ্য দেখানো হয়েছে। এতে দেখা যায়, বিক্ষোভকারীরা পাথর ছুড়ে দূতাবাসের জানালা ভাঙছে। তারা পেট্রোল বোমাও ছুড়ে মারে এবং কম্পাউন্ডের ভেতরে থাকা রানি এলিজাবেথের ফ্রেমে বাঁধানো ছবি সরিয়ে ফেলে। ‘ইংল্যান্ড নিপাত যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে গত সপ্তাহে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটেন। এর আওতায় ইরানের সেন্ট্রাল ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্রিটিশ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসা নিষিদ্ধ করা হয়। এর পরপরই ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করতে রোববার ইরানের পার্লামেন্টে ভোট হয়। বিলের পক্ষে ১৭১ এবং বিপক্ষে পড়ে ৩ টি ভোট। সে সময় ব্রিটিশ দূতাবাসে হামলা হওয়ারও আভাস দেন ইরানি আইনপ্রণেতারা। এর একদিন পরই দূতাবাসে হামলা, ভাংচুরের এ ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৭ঘ.