২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুবারকপরবর্তী প্রথম নির্বাচন

সেনাশাসন বিরোধী আন্দোলনে টালামাটাল মিশরে পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছে জনগণ। চলতি বছরের ফেব্র“য়ারিতে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর দেশটিতে এটাই প্রথম নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 08:40 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

কায়রো, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনাশাসন বিরোধী আন্দোলনে টালামাটাল মিশরে পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছে জনগণ। চলতি বছরের ফেব্র“য়ারিতে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর দেশটিতে এটাই প্রথম নির্বাচন। সোমবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কায়রোর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দেয়ার জন্য জড়ো হতে শুরু করে। তবে, নির্বাচন নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে বিভিন্ন ধরনের শঙ্কা কাজ করছে। সবচেয়ে বেশি শঙ্কা কাজ করছে নির্বাচনে কারচুপির নিয়ে। নির্বাচনের আগে থেকেই সামরিক শাসন আবসানের দাবিতে কায়রোর স্বাধীনতা চত্বরে (তাহরির স্কয়ার) অবস্থান নিয়ে আন্দোলন-বিক্ষোভ করছে গণতন্ত্রকামীরা। প্রায় ১০ দিন বয়সী এ আন্দোলনে প্রাণ দিয়েছে ৪১ জন মানুষ। সামরিক শাসকের অধীনে নির্বাচন অবাধ হবে না, এ অভিযোগ জানিয়ে সামরিক শাসকদের পতন না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছিল স্বাধীনতা চত্বরের আন্দোলনকারীরা। কিন্তু যথাসময়ে নির্বাচন সম্পন্ন হবে বলে ঘোষণা দিয়েছিল ক্ষমতাসীন সামরিক পরিষদ। এ লক্ষ্যে তারা হুঁশিয়ারিও জানায়, নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। তবে, ভোটগ্রহণ অর্থাৎ নির্বাচন চললেও স্বাধীনতা চত্বর দখল করে সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। নির্বাচন স্থগিতের এই আহ্বান সত্বেও মিশরের সাধারণ মানুষ নির্বাচনে সাড়া দিয়েছে। কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কার পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন বোধ করেছে তারা। তারপরও অনেকেই তাদের ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে গেছে। যে কোন ধরনের অনিয়ম চোখে পড়লেই রেকর্ড করে ফেলার জন্যই এ ব্যবস্থা। ফলে এ রকম হাজার হাজার অঘোষিত ‘চোখ’ নির্বাচন তদারক করেছে। নির্বাচনে দাঁড়ানো ধনী প্রার্থীরা ও তহবিল সমৃদ্ধ ইসলামি দলগুলোর প্রার্থীরা বিভিন্ন ধরনের উপঢৌকন দিয়ে ভোটারদের প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা করছিলেন গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা। এ রকম কৌশল প্রয়োগ করেই হোসনি মুবারক দশকের পর দশক প্রেসিডেন্ট হিসেবে বহাল থেকেছেন। তবে পুরনো সেই অভ্যাস অনেকের মধ্যেই গেঁথে আছে আর মুবারকের অনুসারীদের অনেকেই ভোল পাল্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর উপর ক্ষমতায় আছে সেই পুরনো সামরিক কর্মকর্তারাই। যদিও তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্র“তি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৩ ঘ.