কলকাতা, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা কোটেশ্বর রাও ওরফে কিষেণজিকে হত্যার বদলায় পশ্চিমবঙ্গে মাওবাদী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
মাওবাদী বিদ্রোহীরা ইতোমধ্যেই পশ্চিমবঙ্গে দুই দিনের বনধ ডেকেছে। তাদের দাবি কিষেণজিকে পরিকল্পিতভাবে কিংবা ‘বনোয়াট সংঘর্ষে’ হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সংঘর্ষে নিহত ব্যক্তি যে কিষেণজি সে ব্যাপারে নিশ্চিত হয়েছে পুলিশ।
তবে কিষেণজি’র লাশ সনাক্ত করতে তার পরিবারের সদস্যরা কলকাতার পথে থাকায় কর্তৃপক্ষ এখনো প্রকাশ্যে তার মৃত্যুর খবর ঘোষণা করেনি।
এ হত্যার ঘটনায় চরম অচলাবস্থা তৈরি হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
কিষেণজির পরিবারের সদস্যরা কলকাতার বিবিসি প্রতিনিধি অমিতাভ ভট্টশালীকে বলেছেন, “আমাদের আরও নিশ্চয়তার প্রয়োজন আছে।” তার দেহ ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে।
কিষেণজিকে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মাওবাদী প্রধান আকাশ। কয়েকটি মানবাধিকার সংগঠনও এ ঘটনার তদন্ত দাবি করেছে।
তবে পুলিশের ভাষ্য, আধাসামরিক বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে কিষেণজি নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ঝাড়খণ্ডের বুড়িশোল জঙ্গলে যৌথ বাহিনীর অভিযানে কিষেণজি ছাড়াও তার তিন সহযোগী নিহত হন।
পুলিশ দাবি করেছে, ঘটনাস্থলে মৃতদেহের পাশ থেকে একটি এ কে ৪৭ রাইফেল এবং একটি শ্রবণযন্ত্র উদ্ধার করা হয়েছে, যেগুলো কিষেণজির বলেই পুলিশের ধারণা।
৫৫ বছর বয়সী কিষেণজির আসল নাম মোল¬াজুলা কোটেশ্বর রাও। তিনি মাওবাদী কমিনিউস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এবং সামরিক শাখা পিপলস লিবারেশন গেরিলা বাহিনীর প্রধান ছিলেন।
পুলিশ বলছে, কিষেণজি আত্মগোপন করে আছেন এমন খবর পেয়ে বুধবার থেকেই ঝাড়গ্রামের জঙ্গলগুলোতে তল¬াশি শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ কুমার ত্রিপাটি। ঝাড়খণ্ড পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রায় ৯০০ সদস্য ওই অভিযানে অংশ নেয়।
বৃহস্পতিবার দুপুরের পর বুড়িশোল জঙ্গলে মাওবাদীরা গুলি চালালে দুই পক্ষের বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা গুলি বিনিময়ে নিহত হন কিষেণজি ও তার তিন সঙ্গী।
তার নিহত হওয়ার খবরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বুধবার রাত পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে মাওবাদীরা প্রতিশোধ নেওয়ার জন্য হামলা চালাতে পারে এই আশঙ্কায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৮ঘ.
bdnews24