সিরিয়া, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়াকে পর্যবেক্ষকদের ঢুকতে দেওয়া নতুবা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার নতুন আল্টিমেটাম দিয়েছে আরব লিগ।
সিরিয়ায় চলমান বিক্ষোভ-সহিংসতার মধ্যে আরব লিগ সেখানে ৫শ পর্যবেক্ষক পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়। কিন্তু সিরিয়া মাত্র ৪০ জন পর্যবেক্ষক দেশে প্রবেশ করতে দিতে রাজি।
কিন্তু আরব পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার সিরিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, ৮ মাসের রক্তক্ষয় অবসানে দামেস্ক আরব লিগের পরিকল্পনামাফিক পর্যবেক্ষকদের ঢুকতে না দিলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবা হবে।
আরব লিগের প্রস্তাব মেনে চুক্তি সইয়ের জন্য সিরিয়াকে ১১:০০ জিএমটি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিরিয়া পরিস্থিতি নিয়ে কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে এ সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এর মধ্যে কাজ না হলে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে শনিবার বৈঠকে বসবে আরব লিগ।
এর আগে ২ নভেম্বরে আরব লিগের প্রস্তাব মেনে সিরিয়া বিভিন্ন শহর থেকে সেনা সরিয়ে নেওয়া, রাজবন্দিদের মুক্তি দেওয়া, বিরোধীদের সঙ্গে সংলাপ শুরু করা এমনকী পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেওয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যমকেও কাজ করতে দিতে রাজি হয়েছিলো।
কিন্তু তারপরও সিরিয়ায় সহিংসতা বন্ধ হয়নি। বৃহস্পতিবার সর্বশেষ সহিংসতার ঘটনায় দেশটিতে অন্তত ৫১ জন নিহত হয়েছে।
আর গত মার্চে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে সিরিয়ায় নিহতের সংখ্যা সাড়ে তিনহাজার পেরিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৩ঘ.
bdnews24