২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন দ. কোরিয়ার

ব্যাপক হট্টগোলের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বিল অনুমোদন করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির পার্লামেন্টে ১৫১-৭ ভোটে বিলটি পাশ করায় ক্ষমতাসীন গ্র্যান্ড ন্যাশনাল পার্টি (জিএনপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 05:12 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক হট্টগোলের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বিল অনুমোদন করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির পার্লামেন্টে ১৫১-৭ ভোটে বিলটি পাশ করায় ক্ষমতাসীন গ্র্যান্ড ন্যাশনাল পার্টি (জিএনপি)। মঙ্গলবারের ওই ভোটাভুটিতে বেশিরভাগ বিরোধী দলীয় আইনপ্রণেতা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। ভোটাভুটির সময় এক বিরোধীদলীয় সদস্য পার্লামেন্টেই কাঁদুনে গ্যাসের কৌটা ছুঁড়ে মারেন। এ সময় অন্যরাও বিক্ষোভ শুরু করেন। এ ছাড়া পার্লামেন্টের বাইরেও বিরোধী দলের সমর্থকরা বিক্ষোভ করেছে। অক্টোবরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এ চুক্তির বিল অনুমোদিত হয়। ১৯৯৪ সালে উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পর এটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি। এর আগে ২০০৭ সালে এক আকস্মিক অধিবেশনে প্রথমবারের মতো পার্লামেন্টে বিলটির অনুমোদন দেওয়া হয়েছিলো। জিএনপির নেতা স্থানীয় গণমাধ্যমকে বলেন, বিরোধী দলের সঙ্গে এ বিষয়ে সমঝোতা করা অসম্ভব হয়ে পড়েছিলো। এই জন্য পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে বিলটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, এই বিলের কারণে এশিয়ায় যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্য এক হাজার কোটি ডলার বেড়ে যাবে। গত বছর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য হয়েছিলো ৯০০ কোটি ডলার। দক্ষিণ কোরিয়ার কৃষিজীবীসহ অন্যান্য কর্মজীবীরা বলছেন, এই চুক্তির কারণে তারা ক্ষতিগ্রস্ত হবেন। আর এর সম্পূর্ণ ফায়দা নেবে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল অফিস এই বিল অনুমোদনের পর অভিনন্দন জানিয়েছে। দেশটির প্রেসিডেন্সিয়াল তথ্য সচিব চো গিয়েম-নাক বলেন, সরকার কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। নির্বাচনের মাত্র এক বছর আগে এ ধরনের একটি বিল পাসের মধ্য দিয়ে ক্ষমতাসীন দল নিজেদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। অনেক ভোটার এরই মধ্যে এ ধরনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১১০৬ ঘ.