জেনেভা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলোর চেয়ে বেশি গতিমান প্রাথমিক কণা পাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল। তাদের পরীক্ষায় প্রমাণিত হয়েছে দাবিটি ভুল ছিলো।
শনিবার প্রকাশিত এক নিবন্ধে আগের দাবি নাকচ করেছেন এই বিজ্ঞানীরা।
এরআগে চলতি বছরের সেপ্টেম্বরে ইটালির গ্রান স্যাসো গবেষণাগারের ‘অপেরা’ (ওপিইআরএ) এক্সপেরিমেন্ট সাথে জড়িত বিজ্ঞানীরা দাবি করেছিলেন, সুইজারল্যান্ডের সার্ন গবেষণাগার থেকে গ্রান স্যাসোতে তাদের কাছে পাঠানো নিউট্রিনো (প্রাথমিক কণা) স্রোতের যে গতি তারা রেকর্ড করেছেন আলোর গতি থেকে তা ৬০ ন্যানোসেকেন্ড কম সময়ে পৌঁছেছে।
গ্রান স্যাসোর বিজ্ঞানীদের আকস্মিক এ আবিষ্কারে ঘোষণায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো বিজ্ঞান বিশ্ব। তাদের দাবি সঠিক হলে আলবার্ট আইনস্টাইনের রিয়েলিটিভিটি বিষয়ক ধারণা এবং আধুনিক পদার্থ বিজ্ঞানের একটি বিরাট অংশ ভুল প্রতিজ্ঞার ওপর দাঁড়িয়ে আছে বলে প্রমাণিত হতো।
আন্তর্জাতিক বিজ্ঞানীদের ওই দলটি সার্ন থেকে ইতালিতে পাঠানো নিউট্রিনোগুলোর বাকী অংশ নিয়ে আগের পরীক্ষাটি আবার করেন। ইতালির জাতীয় পদার্থবিজ্ঞান ইন্সস্টিটিউটের তত্ত্বাবধানে ‘ইকারুস’ নামে গ্রান স্যাসোতে আর একটি এক্সপেরিমেন্টে আন্তর্জাতিক বিজ্ঞানী দল নিউট্রিনোর গতিবেগে ‘অপেরা’ গবেষণায় রেকর্ড করা গতিবেগের মতো কিছু পান নি।
ইকারুস দলের গবেষণায় পাওয়া ফলাফল শনিবার ওই একই ওয়েবাসাইটে প্রকাশ করা হয় যেখানে অপেরা গবেষণার ফলাফল প্রকাশ হয়েছিলো।
প্রকাশিত নিবন্ধে ইকারুসের গবেষকরা দাবি করেছেন, তাদের প্রাপ্ত ফলাফলে আলোর গতির চেয়ে বেশি গতিতে চলমান নিউট্রিনোর সন্ধান পাওয়া যায় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/০৯৩১ ঘ.
bdnews24