ঢাকা, নভেম্বর ২ (বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের পর থেকে বিশ্বে এইডসে মৃত্যুহার কমছে বলে জানিয়েছে এইডস বিষয়ক জাতিসংঘের যৌথ প্রকল্প ইউএনএইডস।
মঙ্গলবার সংবাদ মাধ্যম বিবিসি অনলাইন জানায়, এইডস আক্রান্তের সর্বোচ্চ হারের তুলনায় ২০১০ সালে এ হার ২১ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে ইউএনএইডসের ২০১১ সালের প্রতিবেদনে।
ইউএনএইডসের পরিসংখ্যান অনুয়ায়ী, ১৯৯৭ সালে বিশ্বে এইডস আক্রান্তের সংখ্যা সর্বোচ্চে ছিলো।
এইডস এর চিকিৎসায় উল্লেখযোগ্য সফলতার কারণেই এ রোগে আক্রান্ত হওয়া ও মৃত্যুর কমার প্রধান কারণ বলে মনে করছে সংগঠনটি।
সংগঠনের নির্বাহী পরিচালক মিশেল সিডিবে বলেন, কঠিন অর্থনৈতিক সঙ্কটে থাকা দেশগুলোও এইডস নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভালো ফল করছে। এইচআইভি’র চিকিৎসা সুবিধার সুলভ হয়ে উঠতে থাকায় সব জায়গার মানুষের জীবনেই এর ভালো প্রভাব পড়ছে।
বর্তমানে বিশ্বে এইচআইভি নিয়ে বেঁচে আছে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষ।
সাব সাহারা আফ্রিকা অঞ্চলে এইচআইভি চিকিৎসায় নাটকীয় উন্নতি দেখা গেছে। ২০০৯ ও ২০১০ সালে এ অঞ্চলের প্রায় ২০ শতাংশ এইডস আক্রান্ত মানুষ এখন চিকিৎসা পাচ্ছে।
ইউএনএইডস বলছে, গত বছর আনুমানিক সাত লাখ মৃত্যু ঠেকানো গেছে চিকিৎসার মাধ্যমে। এর ফলে নতুন করে এইডস আক্রান্ত মানুষের সংখ্যাও কমে এসেছে, কারণ চিকিৎসাধীনরা এ জীবাণু তুলনামূলক কম ছড়ায়।
২০১০ সালে নতুন করে এইচআইভি আক্রান্ত হয়েছে আনুমানিক ২৭ লাখ মানুষ। ১৯৯৭ সালে এ সংখ্যা ছিলো ৩২ লাখ।
এছাড়া, ২০১০ সালে এইডস আক্রান্ত হয়ে মারা গেছে আনুমানিক ১৮ লাখ মানুষ। ২০০৫ সালের তুলনায় এ সংখ্যা ২২ লাখ কম।
জাতিসংঘ বলছে, চিকিৎসা সুলভ হয়ে ওঠায় নতুন করে এইচআইভি সংক্রমণের হার ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমেছে। নির্দিষ্ট কিছু দেশ খুবই ভালো করছে এক্ষেত্রে।
আগামী পাঁচ বছরে আরো অনেক দেশে এ চিকিৎসা সুলভ হতে শুরু করলে এর প্রভাব আরো ভালোভাবে বোঝা যাবে বলে জানিয়েছে ইউএনএইডস।
প্রতিবেদনে বলা হয়েছে, এইডস মহামারি এখনই নির্মূল করা না গেলেও, এ চিকিৎসার পেছনে দেশগুলো বুদ্ধি করে পদক্ষেপ নিলে তা অসম্ভব কিছু নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৯০০ঘ.
bdnews24