২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান-পাকিস্তান শান্তি আলোচনা শুরু

পাকিস্তানি তালেবান আন্দোলন দেশটির সরকারের সঙ্গে পরীক্ষামূলক শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। সোমবার তালেবানের এক কমান্ডার ও আলোচনার মধ্যস্থতাকারীরা রয়টার্সকে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ইসলামাবাদ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানি তালেবান আন্দোলন দেশটির সরকারের সঙ্গে পরীক্ষামূলক শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। সোমবার তালেবানের এক কমান্ডার ও আলোচনার মধ্যস্থতাকারীরা রয়টার্সকে একথা জানিয়েছে। পাকিস্তানি তালেবান নামে পরিচিত ‘তেহরিক-ই-তালেবান’ টিটিপি’র সঙ্গে এ শান্তি আলোচনাকে যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখবে না বলেই মনে করা হচ্ছে। কেননা পাকিস্তানের সবচেয়ে বড় এ দাতা দেশটি টিটিপি’র গায়ে সন্ত্রাসী গ্র“পের তকমা সেঁটে দিয়েছে। এর আগে পাকিস্তান টিটিপি’র সঙ্গে শান্তি চুক্তি করলেও তা দেশে স্থিতিশীলতা ফেরাতে ব্যর্থ হয়েছে। নতুন এ আলোচনার মূল দৃষ্টি আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তান এবং এ থেকে সর্বাত্মক একটি চুক্তিতে পৌঁছানোরও চেষ্টা চলতে পারে। তালেবান কমান্ডার জানান, বন্দি জঙ্গি মুক্তিসহ তালেবানরা বেশ কয়েকটি দাবি করেছে। আদিবাসী এক পশতুন মধ্যস্থতাকারী এ আলোচনাকে ‘খুব কঠিন’ আখ্যা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তালেবানের ওই কমান্ডার বলেন, “হ্যাঁ, আমরা আলোচনা করছি। তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখান থেকে কিছু অর্জন করা যায় কিনা আমরা তাই দেখছি।” তিনি আরো বলেন, “আলোচনা এখনো দক্ষিণ ওয়াজিরিস্তান পর্যায়ে রয়েছে। সফল হলে সব আদিবাসী অঞ্চল নিয়ে একটি চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে।” আফগানিস্তানের তালেবানদের দোসর পাকিস্তানি তালেবানরা আফগান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সক্রিয়। চলতি বছর মে মাসে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে জঙ্গি দমনের জন্য ইসলামাবাদের ওপর চাপ বাড়ছে। তবে ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে কিছু জানতো না বলে জানিয়েছে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৯ঘ.