২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে অংশ নেবেন সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আসন্ন উপনির্বাচনে অংশ নেবেন। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মিয়ানমারের রাজনীতিতে সক্রিয় হওয়ার তিনদিনের মধ্যেই এ সিদ্ধান্ত জানানো হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আসন্ন উপনির্বাচনে অংশ নেবেন। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মিয়ানমারের রাজনীতিতে সক্রিয় হওয়ার তিনদিনের মধ্যেই এ সিদ্ধান্ত জানানো হলো। সোমবার এনএলডির এক জ্যেষ্ঠ নেতা একথা জানিয়েছেন। এনএলডির নায়ান উয়িন জানান, “উপনির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন অং সান সু চি। তবে কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা বলার সময় এখনো হয় নি।” ১৯৯০ সালের পর এই প্রথম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। গত শুক্রবার রাজনীতিতে ফেরা এবং আগামী নির্বাচনের জন্য নাম নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এর আগে কঠোর আইনি বিধিনিষেধের কারণে ২০১০ সালের ৭ নভেম্বরে সাধারণ নির্বাচন বর্জন করে দলটি। এর শাস্তি হিসেবে রাজনৈতিক দল হিসেবে এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করে সরকার। তবে দলটি তার কার্যক্রম চালিয়ে যায় এবং এর জনসমর্থনও অব্যাহত থাকে। স¤প্রতি মিয়ানমার সরকার রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আইনি বিধিনিষেধ তুলে নিলে বিরোধী দলগুলোর আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিবেশ তৈরি হয়। এছাড়াও মানবাধিকার উন্নয়নের পদক্ষেপ হিসেবে আদিবাসীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠাসহ ক্রমে সব রাজবন্দিকে মুক্তি দেওয়া এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর কড়াকড়ি শিথিলের পরিকল্পনা করছে মিয়ানমার সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১১ ঘ.