কায়রো, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ার থেকে বিক্ষোভকারীদের হটাতে পুলিশী অভিযান চলতে থাকায় আবার সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার থেকে তিনদিনের চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
তবে কায়রোর প্রধান জেইনহাম হাসপাতালের মর্গে সোমবার ৩৩ টি মৃতদেহ পাওয়ার কথা জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক সূত্রে।
পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষেই এরা নিহত হয়েছে বলে জানানো হয়েছে। সংঘর্ষে নিহতদের মূলত মর্গে আনা হচ্ছে বলে জানান তারা।
এর আগে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংঘর্ষে নিহতের সংখ্যা ২২ বলে জানিয়েছিলো।
টিভি ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী সোমবার কাঁদানে গ্যাস ছুড়ে তাহরির স্কয়ার থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে বিক্ষোভকারীরাও পুলিশকে পাল্টা আক্রমণ করে।
রোববার পুলিশ-জনতার ভয়াবহ সংঘর্ষের পরদিন দুপক্ষের মধ্যে আবার এ সংঘর্ষ হলো।
সরকারের বিক্ষোভ দমনাভিযানের প্রতিবাদে মিশরের সংস্কৃতিমন্ত্রী এমাদ আবু গাজি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে বিবিসি।
মিশরে পার্লামেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে উত্তপ্ত এ পরিস্থিতিতে নির্বাচন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
২৮ নভেম্বর মিশরে পার্লামেন্ট নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট গঠিত হলেও প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত দেশটির সর্বোচ্চ ক্ষমতা সেনাবাহিনীর হাতে থাকবে।
২০১২ সালের শেষ বা ২০১৩ সালের প্রথম দিকে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।
কিন্তু বিক্ষোভকারীরা এতদিন অপেক্ষা করতে রাজি নয়। তারা আরো দ্রুত বেসামরিক সরকারের হাতে সম্পূর্ণ ক্ষমতা হস্তান্তর চায়। নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যাওয়ার দাবিতে সেনাশাসকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা।
দেশটির গণআন্দোলনের প্রাণকেন্দ্র স্বাধীনতা চত্ত্বরসহ (তাহরির স্কয়ার) কয়েকটি স্থানে শুক্রবার থেকে বিক্ষোভ চলছে।
শনিবার রাতভর জনতা-পুলিশ ভয়াবহ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। পরদিন রোববার সারাদিন বিক্ষিপ্ত সংঘর্ষের পর রাতেও পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিক্ষোভ দমনে পুলিশ আন্দোলনকারীদের ওপর বৃষ্টির মতো কাঁদান গ্যাস ছোঁড়ে এবং লাঠিপেটা করে। রোববার বিক্ষোভকারীরা শটগানের ব্যবহৃত গুলির খোসা দেখায়। তবে পুলিশ গুলি ছোঁড়ার কথা অস্বীকার করেছে।
রোববার রাত নেমে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ দফায় দফায় কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। এসময় সেনা কর্মকর্তারাও পুলিশকে সহযোগিতা করে। ব্যাপক পুলিশী অভিযানের মুখে সাময়িকভাবে স্বাধীনতা চত্ত্বর ছেড়ে যায় বিক্ষোভকারীরা।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীরা আবার সংগঠিত হয়ে চত্ত্বরটি পুনর্দখল করে। এসময় তারা ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেন তানতাবির বিরুদ্ধে স্লোগান দেয়।
কায়রোর স্বাধীনতা চত্ত্বরে এখনো ৫ হাজারেরও বেশি বিক্ষোভকারী অবস্থান করছে। অনেকেই দাবি আদায় না হওয়া পর্যন্ত ওই স্থান ছেড়ে না যাওয়ার ব্যাপারে অটল রয়েছে।
চলতি বছরের ফেব্র“য়ারিতে দেশটিতে হোসনি মুবারকের শাসনের বিরুদ্ধে বিক্ষোভের মতো জনতা এবারও এই চত্ত্বরটি নিয়ন্ত্রণে রেখেছে। তারা স্লোগান দিচ্ছে, “আমরা দুর্নীতিপরায়ণ সরকার কিংবা সেনাশাসন কোনোটাই চাই না।”
ফেব্র“য়ারিতে প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ত্রিশ বছর ধরে মিশরের রাষ্ট্র ক্ষমতায় থাকা সাবেক সেনা কর্মকর্তা হোসনি মুবারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/১৬৫৭ ঘ.
bdnews24