২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির গোয়েন্দা প্রধান সেনুসি গ্রেপ্তার

মুয়াম্মার গাদ্দাফির পলাতক গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল-সেনুসিকে গ্রেপ্তার করা হয়েছে বলে লিবিয়ার অন্তর্র্বতীকালীন সরকার জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 04:39 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ত্রিপোলি, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম/রয়টার্স)- মুয়াম্মার গাদ্দাফির পলাতক গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল-সেনুসিকে গ্রেপ্তার করা হয়েছে বলে লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে। সম্পর্কে গাদ্দাফির ভগ্নিপতি সেনুসিকে (৬২) রোববার লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় সাবহা শহরে তার বোনের বাসা থেকে আটক করা হয়। গাদ্দাফির প্রশাসনে থাকা তিনিই বর্তমানে সর্বশেষ ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে শনিবার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে আটক করা হয়। সাইফ ও তার ঘনিষ্ঠ উপদেষ্টা সেনুসি, দু’জনের ওপরই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা তালিকায় রয়েছে। চলতি বছরের শুরুর দিকে লিবিয়ায় গাদ্দাফির ৪২ বছর ধরে চালানো শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ওই আন্দোলন কঠোরভাবে দমনের চেষ্টা চালায় গাদ্দাফি সরকার। এতে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে। ওই দমন-পীড়নের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আইসিসি সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া ১৯৯৬ সালে আবু সালিম কারাগারে এক হাজারেরও বেশি বন্দি হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকাসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০২৬ ঘ.