ত্রিপোলি, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে আটক করা হয়েছে বলে দেশটির অন্তর্বর্তীকালীন পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন।
লিবিয়ার জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল-এনটিসি) মিত্র বাহিনী জিনতান ব্রিগেডের যোদ্ধারা দেশটির দক্ষিণাঞ্চলীয় ওবারি শহরের কাছাকাছি এক মরুভূমি থেকে কয়েকজন দেহরক্ষীসহ সাইফকে গ্রেপ্তার করে।
অন্তর্বর্তী সরকারের বিচারমন্ত্রী মোহাম্মেদ আল-আল¬াগুই শনিবার রয়টার্সকে বলেন, "ওবারি এলাকা থেকে আমরা সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গ্রেপ্তার করেছি।"
৩৯ বছর বয়সী সাইফ অক্ষত আছেন বলেও জানান তিনি।
জিনতান ব্রিগেডের কমান্ডার উইসাম দুগহেলি সাংবাদিকদের বলেন, সঙ্গীদের সহযোগিতা নিয়ে প্রতিবেশি দেশ নাইজারে পালানোর সময় সাইফ আল-ইসলামকে গ্রেপ্তার করা হয়।
কোনো গুলি বিনিময় ছাড়াই সে ধরা দেয়। এ সময় তার কাছে অল্প কয়েক হাজার ডলার পাওয়া যায়।
সাইফকে ধরার সময় উপস্থিত ছিলেন আহমেদ আম্মার নামের এক যোদ্ধা।
তিনি রয়টার্সকে বলেন, "শুরু থেকেই সে খুব ভয় পাচ্ছিলো। সে ভেবেছিলো আমরা তাকে মেরে ফেলবো।"
আম্মার বলেন, উচ্চ পর্যায়ের এক ফেরারি পালিয়ে যাবেন এমন আভাস পেয়ে তিনটি গাড়িতে তার ইউনিটের ১৫ জন সদস্য টহল দিচ্ছিল।
লিবিয়ার স্থানীয় সময় শুক্রবার রাত দেড়টায় তেল সমৃদ্ধ ওবারি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে গাদ্দাফি ও অন্য চারজনকে বহনকারী দুটি গাড়ি থামানো হয়।
গাড়ি দুটি থামাতে যোদ্ধারা ফাঁকা গুলি ছোড়ে। তারপর তারা যাত্রীদের পরিচয় জানতে চাইলে তাদের মধ্যকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেন, তিনি 'আবদেলসালাম' যার অর্থ 'শান্তির দাস'। কিন্তু যোদ্ধারা দ্রুতই সাইফ আল-ইসলামকে চিনতে পারে এবং কোনো গোলাগুলি ছাড়াই তাকে আটক করে।
ধরা পড়ার পর সাইফ আল-ইসলাম রয়টার্সকে বলেন, তিনি সুস্থ আছেন এবং এক মাস আগে ন্যাটো হামলায় আঘাত পাওয়ায় তার হাতে ব্যান্ডেজ আছে।
বিমানে করে জিনতান শহরে নেওয়ার সময় তিনি সুস্থ বোধ করছেন কি না জানতে চাইলে সাইফ বলেন, "হ্যাঁ।"
আটকের পরপরই তাকে উত্তরাঞ্চলীয় জিনতান শহরে নেওয়া হয়। তার সঙ্গে গাদ্দাফি সরকারের ঊর্ধ্বতন অন্য কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। লিবিয়ায় নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সাইফকে জিনতান শহরে রাখার ঘোষণা দিয়েছে জিনতান ব্রিগেডের যোদ্ধারা। দেশটির নতুন প্রধানমন্ত্রী আব্দুররহিম এল-কেইবের আগামী মঙ্গলবার নাগাদ নতুন সরকার গঠনের কথা রয়েছে।
গাদ্দাফির উত্তরসূরি বলে মনে করা হতো ব্রিটেনে উচ্চ শিক্ষাপ্রাপ্ত সাইফ আল-ইসলামকে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত অগাস্টে গাদ্দাফিবিরোধীরা ত্রিপোলির দখল নেওয়ার পর থেকে পলাতক ছিলেন তিনি।
গত মধ্য ফেব্র"য়ারিতে লিবিয়ায় গাদ্দাফির পতনের দাবিতে বিক্ষোভ শুরু হয়। তাতে নিরাপত্তা বাহিনীর সহিংসতার জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুয়াম্মার গাদ্দাফি, তার গোয়েন্দা প্রধান আবদুল¬াহ আল- সেনুসি ও সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
গত ২০ অক্টোবর নিজ জন্মশহর সিরতেয় বিদ্রোহী সেনাদের হাতে নিহত হন গাদ্দাফি। তবে আব্দুল¬াহ আল- সেনুসি এখনো পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/পিডি/০০৪৭ ঘ.
bdnews24