২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব লিগের পর্যবেক্ষণ মিশন মানতে রাজি সিরিয়া

সহিংসতা অবসানে আরব লিগের তদারকিতে শান্তি প্রস্তাব বাস্তবায়নের কর্মসূচি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া। দামেস্ক ইতোমধ্যেই আরব লিগকে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংসতা অবসানে আরব লিগের তদারকিতে শান্তি প্রস্তাব বাস্তবায়নের কর্মসূচি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া। দামেস্ক ইতোমধ্যেই আরব লিগকে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। বিস্তারিত খুঁটিনাটি নিয়ে এখনো আলোচনা চলছে। তবে এতে আরব লিগের মিশন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিরিয়ার এক কূটনীতিক। নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার ওই ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার বলেন, "সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাবে দামেস্ক নীতিগতভাবে রাজি। আমরা এখনো প্রস্তাবটি বিস্তারিত পড়ে দেখছি।" এ ব্যাপারে আরব লিগের কোনো কর্মকর্তারা তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আরব লিগের প্রধান নাবিল এলারাবি বলেছেন, তিনি দামেস্কর কাছ থেকে কিছু "সংশোধনী" পেয়েছেন। এগুলো পড়ে দেখা হচ্ছে। আরব লীগ গত বুধবার সিরিয়াকে এ প্রস্তাব মেনে নেওয়া নয়তো অবরোধের মুখোমুখি হওয়ার আল্টিমেটাম দিয়ে তিনদিন সময় বেঁধে দেয়। চলতি মাসের শুরুতে আরব লীগ তাদের পরিকল্পনায় দুই সপ্তাহের মধ্যে সিরিয়াকে সংঘাতপূর্ণ শহরগুলো থেকে ট্যাংক সরিয়ে নেওয়া, বিক্ষোভকারীদের ওপর হামলা বন্ধ করা এবং বিরোধীদলের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ পরিকল্পনা মেনে নিলেও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, আসাদ শান্তি প্রস্তাব মেনে নেওয়ার পরও দমনাভিযানে ৩৭০ জন নিহত হয়েছে। সিরিয়ায় আট মাসের সহিংসতায় এ মাসেই সবচেয়ে বেশি রক্তক্ষয় হয়েছে। জাতিসংঘের মতে, মার্চে সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে দমনাভিযানে এ পর্যন্ত ৩ হাজার ৫০০ জন নিহত হয়েছে। সিরিয়া কর্তৃপক্ষের দাবি, সশস্ত্র গোষ্ঠী ও জঙ্গিদের মধ্যে বিরোধে সহিংস ঘটনাগুলো ঘটেছে। দমনপীড়ন বন্ধ না হওয়ায় গত শনিবার সিরিয়াকে আরব লীগ থেকে বহিস্কার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২২ঘ.