২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসামা হত্যাকাণ্ডের পর ভয়ে ছিলেন জারদারি

পাকিস্তানি প্রেসিডেন্টের ভয় ছিলো সামরিক অভ্যুত্থানের, তাই তিনি মুম্বাই হামলার পরিকল্পনাকারীদের ভারতের হাতে তুলে দিতেও রাজি ছিলেন বলে তথ্য প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসামা বিন লাদেনকে হত্যার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী খান জারদারি সামরিক অভ্যুত্থানের শঙ্কায় ছিলেন, এ জন্য তিনি মুম্বাই হামলার পরিকল্পনায় জড়িতদের ভারতের কাছে তুলে দিতেও রাজি ছিলেন। ওয়াশিংটনের ঘনিষ্ঠ এক পাকিস্তানি ব্যবসায়ীর এ দাবির সত্যতা যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তাও নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনীর তখনকার চিফ অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেনের কাছে পাঠানো এক বার্তায় জারদারি যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক নতুন একটি নিরাপত্তা বাহিনী গড়ে তোলারও প্রতিশ্র"তি দেন বলে মনসুর ইজাজ নামে ওই ব্যবসায়ী দাবি করেন। গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামাকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী ইউএস নেভি সিল। এর পরপরই মুলেনকে ওই বার্তা পাঠান জারদারি। মনসুর নিজেই ওই বার্তা মুলেনকে পৌঁছে দেন বলে স্পষ্ট, কারণ গত মাসে ফিন্যান্সিয়াল টাইমসের কাছে ওই বার্তার কথা প্রকাশ করেন ইজাজ নিজেই। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীপ্রধানের সাবেক মুখপাত্র জন কিরবি ওই বার্তার কথা স্বীকার করলে তার ভিত্তিতে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। ওই বার্তা অনুসারে, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সদস্যসহ সবাইকে ভারতের কাছে হস্তান্তরে মুলেনের কাছে অঙ্গীকার করেন জারদারি। ইজাজ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি ওই বার্তার খসড়া প্রস্তুত করেন। অবশ্য এ কথা অস্বীকার করেন হাক্কানি। ক্যাপ্টেন কিরবি বৃহস্পতিবার পেন্টাগনে সাংবাদিকদের এক বিবৃতিতে বলেন, "ওই বার্তার সারবস্তু বা তার উপস্থিতি জেনারেল কায়ানি ও পাকিস্তান সরকারের সঙ্গে অ্যাডমিরাল মুলেনের সম্পর্কের ধরনে কোনো প্রভাব ফেলেনি।" "তিনি (মুলেন) ওই বার্তার পুরোপুরি আস্থা পাননি এবং তখন বা পরবর্তীতে তা থেকে কোনো বিষয় গ্রহণ করেননি। এছাড়া এটা নিয়ে তিনি কারো সঙ্গে আলোচনাও করেননি," বলেন কিরবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২০১৫ ঘ.