২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে এশিয়া-প্যাসিফিক

ইরাক এবং আফগানিস্তান থেকে দৃষ্টি সরিয়ে যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দু এখন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। মার্কিন নিরাপত্তা নীতিতে এ অঞ্চলকেই 'সর্বোচ্চ অগ্রাধিকার' দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 10:57 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ক্যানবেরা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক এবং আফগানিস্তান থেকে দৃষ্টি সরিয়ে যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রবিন্দু এখন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। মার্কিন নিরাপত্তা নীতিতে এ অঞ্চলকেই 'সর্বোচ্চ অগ্রাধিকার' দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। অস্ট্রেলিয়া সফরকালে বৃহস্পতিবার পার্লামেন্টের ভাষণে ওবামা বলেন, এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় এলাকার ভবিষ্যৎ নির্ধারণে এ অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর ভূমিকা বাড়ানো হবে। যুক্তরাষ্ট্রের ব্যয়হ্রাস পদক্ষেপের কারণে এ পরিকল্পনায় কোনো ছেদ পড়বে না এবং অস্ট্রেলিয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় শক্তি হিসাবে যুক্তরাষ্ট্র 'অবস্থান করবে' বলেও জানান ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখন ইরাক এবং আফগানিস্তান থেকে দৃষ্টি সরিয়ে বেশি করে মনোনিবেশ করবে এশিয়ায় বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এ অঞ্চলে বিপুল সেনা মোতায়েন করাসহ তাদের ভূমিকাও বাড়ানো হবে যাতে তারা অঞ্চলটিকে শক্তিশালী করে গড়ে তুলতে সহায়তা করতে পারে। "আজ (ইরাক ও আফগানিস্তান) যুদ্ধ শেষের সময়ে আমি আমার জাতীয় নিরাপত্তা টীমকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেখানে উপস্থিতি বাড়ানো এবং সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিচ্ছি," বলেন ওবামা। ওবামার এ বক্তব্য এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের প্রধান শক্তিধর দেশ চীনের প্রতি চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। ওবামা এর আগে বুধবার অস্ট্রেলিয়ায় ২০১৬ সালের মধ্যে ধাপে ধাপে ২ হাজার ৫শ মেরিন সেনার টাস্ক ফোর্স পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। দক্ষিণপূর্ব এশিয়ায় সামরিক শক্তি বাড়ানোর প্রথম ধাপে ২০১২ সাল থেকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন হতে শুরু করবে যুক্তরাষ্ট্রের মেরিন সেনা, নৌ জাহাজ এবং বিমান। চীন এ পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে। তবে ওবামা বলছেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের লক্ষ্য চীন নয়। তবে চীনের কিছু ভুলত্র"টি আছে উল্লেখ করে ওবামা বলেন, তিনি বেইজিং এর সঙ্গে সহযোগিতা আরো বাড়াতে চান। ওবামা বলেন, "আমরা দেখেছি, কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমানো থেকে শুরু করে পরমাণু অস্ত্র বিস্তার রোধে চীন পার্টনার হিসাবে কাজ করতে পারে। আর তাই আমরা বেইজিং এর সঙ্গে আরো সহযোগিতার সম্পর্ক গড়ারই সুযোগ খুঁজবো। যাতে সমঝোতা বাড়ে এবং ভুলত্র"টি এড়ানো যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫১ঘ.