থাইল্যান্ড, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের ক্ষমতাচ্যুৎ সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দেশে ফেরাতে সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে থাই সরকার। পার্লামেন্ট এ প্রস্তাব অনুমোদনও করেছে বলে খবর পাওয়া গেছে।
থাকসিনের বোন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকার মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বিতর্কিত এ প্রস্তাব অনুমোদন করে বলে জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যমের খবরে।
তবে বৈঠকের পর কোনো বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়নি এবং মন্ত্রীরাও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
সরকারি কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে 'ব্যাংকক পোস্ট' দৈনিক জানায়, মন্ত্রিসভার বৈঠকে ইংলাক উপস্থিত ছিলেন না এবং বিষয়টি নিয়ে শলাপরামর্শের সময় কর্মকর্তাদেরকে কক্ষ ছেড়ে চলে যেতে বলা হয়।
থাকসিনের বোন ইংলাক ভাইয়ের হয়েই পুয়ে থাই পার্টির হাল ধরেছেন বলে অনেকের ধারণা। তার সরকারের সাধারণ ক্ষমা প্রস্তাব কার্যকর হতে এখন থাইল্যান্ডের রাজার অনুমোদন প্রয়োজন।
প্রস্তাবের আওতায় "অভিযুক্তদের যাদের বয়স কমপক্ষে ৬০ বছর এবং কারাদন্ডের মেয়াদ ৩ বছরের কম" তাদের ক্ষেত্রে সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে।
থাকসিন সিনাওয়াত্রার বর্তমান বয়স ৬২ বছর। দুর্নীতির অপরাধে তার বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডাদেশ আছে। ২০০৬ সালে সামরিক আগ্রাসনে তিনি ক্ষমতাচ্যুত হন।
কারাদণ্ড এড়াতে বর্তমানে তিনি দুবাইয়ে স্বনির্বাসিত জীবন কাটাচ্ছেন।
ভাইয়ের প্রতি থাইল্যান্ডের গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর জনপ্রিয়তাকে পুঁজি করে ইংলাক সিনাওয়াত্রার পুয়ে থাই পার্টি এ বছর জুলাইয়ের নির্বাচনে জয় লাভ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৫ঘ.
bdnews24