২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইমাম' লাদেনের সঙ্গে জাওয়াহিরির দিনগুলি

নতুন প্রকাশিত এক ভিডিও চিত্রে আল কায়দার নিহত নেতা ওসামা বিন লাদেনের 'নৈতিকতা' ও সহযোদ্ধাদের প্রতি তার 'দায়িত্বশীলতার' প্রশংসা করেছেন দলটির বর্তমান প্রধান আয়মান আল-জাওয়াহিরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

দুবাই, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন প্রকাশিত এক ভিডিও চিত্রে আল কায়দার নিহত নেতা ওসামা বিন লাদেনের 'নৈতিকতা' ও সহযোদ্ধাদের প্রতি তার 'দায়িত্বশীলতার' প্রশংসা করেছেন দলটির বর্তমান প্রধান আয়মান আল-জাওয়াহিরি। আল কায়দা প্রতিষ্ঠাতা লাদেনকে মহৎ, উদার ও ভালো হিসেবেও বর্ণনা করেন তিনি। আধা ঘন্টা ব্যাপ্তির এ ভিডিওটির নাম 'ইমামের সঙ্গে দিনগুলি, প্রথম পর্ব' (ডেজ উইথ দ্যা ইমাম, পার্ট ওয়ান) । জাওয়াহিরি বলেন, "বিভিন্ন পরিস্থিতিতে এবং ভ্রমণে দীর্ঘদিন ধরে ওই মানুষটির সঙ্গলাভের সৌভাগ্য হয়েছে আমার।" ১৯৮০'র দশকের মাঝামাঝি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্থানে গেরিলা যুদ্ধ পরিচালনার সময় পাকিস্তানে দুজনের পরিচয় হয়। বিন লাদেন মারা যাওয়ার পর গত জুন থেকে আল কায়দার নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন জাওয়াহিরি। "জিহাদের পথে থাকা ভাইয়েরা বিপর্যয়ের শিকার হলে বা নিজেদের লক্ষে পৌঁছতে ব্যর্র্র্থ হলে শেখ ওসামা খুব কষ্ট পেতেন। তিনি তার অনুসারীদের প্রতি খুবই নিবেদিত ছিলেন এবং মুনাজাতের সময় তাদেও জন্য দোয়া করতেন," বলেন জাওয়াহিরি। ২০০১ সালের সেপ্টেম্বর মাসে বিশ্ব বাণিজ্য সংস্থা ও পেন্টাগনে আল কায়দার বিমান হামলার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, " বর্তমান সময়ের নির্বোধ আমেরিকার সামরিক দপ্তর পেন্টাগন ও বাণিজ্যক ক্ষমতার কেন্দ্র টুইন টাওয়ারে হামলা পরিচালনাকারী ১৯ জনের কথা তিনি (বিন লাদেন) সবসময় স্মরণ করতেন।" বিন লাদেনের প্রধান সহযোগী জাওয়াহিরি বহু বছর আল কায়দার কৌশল নির্ধারণে মূল পরিকল্পনাকারীর ভূমিকা পালন করেন। বিন লাদেন সম্পর্কে আগ্রহী অনেকেই এ ভিডিও দেখে অনুপ্রাণিত হবে, এই আশা প্রকাশ করে জাওয়াহিরি ভিডিওটি শেষ করেন। ভিডিওটি কখন ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/জেকে/১৫২০ ঘ.