আম্মান, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরবলীগ থেকে সিরিয়াকে সাময়িক বহিষ্কারের প্রতিক্রিয়ায় মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠেয় আরবলীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বর্জন করছে সিরিয়া। এ বৈঠকেই সিরিয়ার বহিষ্কাদেশ আনুষ্ঠানিকভাবে অনুমোদন হওয়ার কথা।
সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভ দমনে চলমান সহিংসতা অবসানে আরবলীগ সমঝোতা প্রস্তাব দিলে তাতে সম্মতি দেয় সিরিয়া। কিন্তু প্রস্তাব অনুযায়ী কাজ শুরু না করে দমন-পীড়ন চালিয়ে যাওয়ায় গত শনিবার আরবলীগ থেকে দেশটিকে সাময়িক বহিষ্কার করা হয়।
বুধবার রাবাতের বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর যোগ দেয়ার কথা থাকলেও সিরিয়া জানিয়েছে তারা এ বৈঠকে যোগ দেবে না।
এক বিবৃতিতে সিরিয়া বলেছে, "মরক্কোতে আরবলীগের কর্মকর্তাদের দেওয়া ঘোষণার পরিপ্রেক্ষিতে, সিরিয়া আরবলীগের বৈঠকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।"
এদিকে, বুধবার ভোরে সিরিয়ার পক্ষত্যাগকারী সেনাসদস্যরা দামেস্কে গোয়েন্দা সংস্থার এক কার্যালয়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। প্রেসিডেন্ট আসাদের পদত্যাগের দাবীতে আট মাস ধরে চলা এ আন্দোলনে সরকারী বাহিনীর কোনো কার্যালয়ে এটাই প্রথম হামলা।
সিরিয়ার বিমান বাহিনীর গোয়ান্দা সংস্থার ওই কার্যালয়ে রকেট ও মেশিনগান নিয়ে হামলা চালায় পক্ষত্যাগকারী 'ফ্রি সিরিয়ান আর্মির' সদস্যরা।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এছাড়া, মঙ্গলবারও সিরিয়ায় সরকারী বাহিনীর হাতে আরো ছয়জন নিহত হওয়ার খবর দিয়েছে আন্দোলনকারীরা। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব ও মধ্যাঞ্চলীয় হামায় তারা নিহত হন।
গত আট মাস ধরে চলামান অস্থিরতায় সিরিয়ায় এ পর্যন্ত সাড়ে ৩ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আর সিরিয়া সরকার দাবী করেছে, সশস্ত্র গোষ্ঠি ও বিদেশি সাহায্যপুষ্ট জঙ্গিদের হামলায় ১ হাজার ১শ সেনা ও পুলিশ নিহত হয়েছে এই সময়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৪৪৫ ঘ.
bdnews24