২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করের মামলায় ১৩ লাখ ডলার দিলেন আই ওয়েওয়ে

চীনের ভিন্নমতাবলম্বী শিল্পী আই ওয়েওয়ে কর দপ্তরের চাপে শেষ পর্যন্ত ১৩ লাখ মার্কিন ডলারের (৮ দশমিক ৪৫ মিলিয়ন ইউয়ান) বন্ড জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

বেইজিং, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের ভিন্নমতাবলম্বী শিল্পী আই ওয়েওয়ে কর দপ্তরের চাপে শেষ পর্যন্ত ১৩ লাখ মার্কিন ডলারের (৮ দশমিক ৪৫ মিলিয়ন ইউয়ান) বন্ড জমা দিয়েছেন। বন্ড জমা দিলে দোষ স্বীকার করা হবে এ আশঙ্কায় ওয়েওয়ে প্রথমে এ অর্থ দিতে না চাইলেও তাকে জোর করেই তা দেওয়ানো হলো। ওয়েওয়ে আগেই জানিয়েছিলেন যে, বেইজিং কর দপ্তর তাকে বুধবারের মধ্যে গ্যারেন্টি হিসাবে ১৩ লাখ ডলার জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলো। এছাড়াও, কর দপ্তর অর্থ জমা না পড়লে পুলিশী হস্তক্ষেপের হুমকিও দেয় বলে জানান ওয়েওেয়ে। এ বছর শুরুতে ওয়েওয়ের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠার পর তাকে দু সপ্তাহ আগে ২৪ লাখ ডলারের বিল দেওয়া হয়। অনেকেরই ধারণা চীন সরকারের বিরুদ্ধে স্পষ্টভাষী এ শিল্পীর মুখ বন্ধ করার জন্যই তাকে করের মামলায় ফাঁসানো হয়েছে। ওয়েওয়ে বরাবরই কর ফাঁকির অভিযোগ অস্বীকার করে আসছেন। সরকারের কড়া সমালোচনার জন্য চীন ওয়েওয়ে কে এ বছর প্রায় ৩ মাস কারাবন্দি রাখে। এতে গোটা বিশ্বে সমালোচনার ঝড় ওঠার পর তাকে মুক্তি দেয় সরকার। কিন্তু ওয়েওয়ে মুক্ত থাকলে তার কড়া সমালোচনা সরকারের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আর এ কারণেই তাকে আবার বন্দি না করে কর্তৃপক্ষ তার কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলেছে বলেই সবার ধারণা। ওয়েওয়েকে কর কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকে গিয়ে বন্ড জমা দিতে হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, 'পুরো প্রক্রিয়াই বেআইনি এবং অযৌক্তিক।" কর্তৃপক্ষের এ পদক্ষেপের মুখে ওয়েওয়েকে সাহায্য করতে এগিয়ে আসে তার সমর্থকরা। তারা চাঁদা তুলে প্রায় ১৪ লাখ ডলার দেয় এই শিল্পীকে। কর বিলের বিরুদ্ধে আপীল করতে চান ওয়েওয়ে। কিন্তু এ প্রক্রিয়া এগুতে দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯২০ঘ.