বৈরুত, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার দক্ষিণাঞ্চলে সহিংসতায় সোমবার অন্তত ৬৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা।
প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনী ও দলত্যাগী সেনাদের মধ্যে সংঘর্ষেই বেশিরভাগ মানুষ নিহত হয়।
বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ করা এবং পদত্যাগের জন্য আসাদের ওপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে এ হতাহতের ঘটনা ঘটলো। বিক্ষোভ দমনাভিযানের বিরুদ্ধে শাস্তিস্বরূপ আরব লীগ সিরিয়ার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সিরিয়ায় প্রায় আট মাস ধরে প্রেসিডেন্ট আসাদ বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে সরকারি বাহিনীর দমনাভিযানে চলতি মাসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
সিরিয়ার 'অর্গানাইজেশন ফর হিউমান রাইটস' জানায়, সোমবার দক্ষিণাঞ্চলের একটি প্রদেশে দলত্যাগী সেনা ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে সরকারি বাহিনীর অন্তত ৩৪ সেনা নিহত হয়েছে।
আল জাজিরা টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও ফুটেজে একটি ট্যাংক এবং পাশে আরেকটি যান জ্বলতে দেখা গেছে।
ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, ওই ঘটনায় ১২ হামলাকারীও নিহত হয়েছে। এছাড়া, দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে সরকারি বাহিনীর চেকপয়েন্ট থেকে ছোড়া গুলিতে আরো ২৩ জন নিহত হয়েছে।
সিরিয়া বিদেশি গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার না দেওয়ায় এ খবর নিরপেক্ষসূত্রে যাচাই করা যায়নি। তবে দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা সোমবারের সংঘর্ষ নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।
চলতি বছর মার্চে সিরিয়ায় আসাদ বিরোধী বিক্ষোভ শুরু। বিক্ষোভে আসাদ বাহিনীর দমনাভিযানে এ পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৫ঘ.
bdnews24