সানা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ বলেছেন, তিনি ৯০ দিনের মধ্যে পদত্যাগ করতে প্রস্তুত।
কখন ক্ষমতা ছাড়বেন এ প্রশ্নের জবাবে সোমবার ফ্রান্সের চ্যানেল ২৪ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সালেহ বলেন, যখন উপসাগরীয় উদ্যোগ (চুক্তি) গৃহীত হবে, চুক্তিটি সই হবে, প্রশাসন পরিচালনা সংক্রান্ত চুক্তি হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে তখনই তিনি পদত্যাগ করবেন।
এর কোনো সময়সীমা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, "এ সময় নির্ধারণ করাই আছে। আর তা হচ্ছে চুক্তি হওয়ার ৯০ দিনের মধ্যে।"
এপ্রিলে ছয়টি আরব দেশের সংগঠন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রস্তাবিত ক্ষমতা হস্তান্তর চুক্তি এ পর্যন্ত সই করতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন সালেহ।
সাক্ষাৎকারে তিনি বলেন, বিরোধীদের সঙ্গে আলোচনা করে চুক্তি চূড়ান্ত করতে তিনি তার উপ-প্রধান আব্দ- রাব্বু মনসুর হাদিকে দায়িত্ব দিয়েছেন।
সালেহ আরো বলেন, "আমি ৩৩ বছর ক্ষমতায় আছি। সমস্যা, ভালো ও মন্দ সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। ক্ষমতা যে আঁকড়ে থাকে সে পাগল।"
তবে বিরোধীরা বলছে, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার পাঁয়তারা করছেন সালেহ। আর এজন্য তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদের পরিকল্পনা বাস্তবায়নে জাতিসংঘ দূত জামাল বেনোমারের প্রচেষ্টাও ব্যর্থ করে দিতে চাইছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সালেহ বিরোধী এক কর্মকর্তা বলেছেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত সালেহ ক্ষমতা ধরে রাখতে চান। বিরোধীরা এ বিষয়টি মানতে চাইছে না। আর এ কারণে জাতিসংঘ দূতের মিশনও ব্যর্থ হতে চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এলকিউ/১৬৩৪ঘ.
bdnews24