জেরুজালেম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান পরমাণু বোমা বানানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচির সম্পূর্ণ চিত্র প্রকাশ হয়নি। ওই প্রতিবেদনে ইরান পরমাণু বোমার নকশার ওপর কাজ করছে বলে জানানো হয়েছে।
রোববার ইসরায়েলের মন্ত্রী পরিষদে নেতানিয়াহু একথা বলেন। গত সপ্তাহে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রকাশিত আন্তর্জাতিক আণবিক সংস্থা (আইএইএ)'র প্রতিবেদনের ওপরই মন্ত্রি পরিষদের বৈঠকে আলোচনা হয়।
নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে তার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, "যা ভাবা হয়, পরমাণু বোমা তৈরিতে ইরান তার চেয়ে অনেক এগিয়ে আছে। জাতিসংঘের প্রতিবেদনে শুধু সেধরনের তথ্যই প্রকাশ পেয়েছে যা প্রমাণ করা যাবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা আরো অনেক কিছু দেখতে পাই।"
তবে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে অতিরিক্ত আর কি তথ্য আছে তা নিশ্চিত করে বলেননি নেতানিয়াহু।
অনেক দেরি হয়ে যাওয়ার আগেই ইরানের পরমাণু অস্ত্রের আকাঙ্খা বন্ধের জন্য বৈঠকের শুরুতে নেতানিয়াহু বিশ্বের প্রতি আহ্বান জানান।
আইএইএ'র প্রতিবেদন প্রকাশের আগে থেকেই পশ্চিমা বিশ্বের দেশগুলো অভিযোগ করে আসছিল, পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
ইরান বরাবরই অভিযোগ অস্বীকার করে দাবী করছে, পরমাণু অস্ত্র তৈরি নয় বরং বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি পরিচালনা করছে তারা।
আইএইএ'র প্রকাশিত প্রতিবেদনকে 'বৈষম্যমূলক' এবং 'রাজনৈতিক' উদ্দেশ্যপূর্ণ বলেও মন্তব্য করেছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৭৪৬ঘ.
bdnews24