২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অকুপাই পোর্টল্যান্ড' আন্দোলন দমনে পুলিশী অভিযান

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ' অকুপাই পোর্টল্যান্ড' আন্দোলনকারীদের শিবির ছাড়া করতে অভিযান চালিয়েছে পুলিশ। এতে পুলিশের বিরুদ্ধে মারমুখী অবস্থান নেয় বিক্ষোভকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 10:03 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

পোর্টল্যান্ড, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ' অকুপাই পোর্টল্যান্ড' আন্দোলনকারীদের শিবির ছাড়া করতে অভিযান চালিয়েছে পুলিশ। এতে পুলিশের বিরুদ্ধে মারমুখী অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পুঁজিবাদ বিরোধী 'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনের অনুসারীদের দেশব্যাপী ছড়িয়ে থাকা শিবিরগুলো থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের আওতায় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ অভিযান চালায়। এতে গ্রেপ্তার হয়েছে প্রায় ১৫ বিক্ষোভকারী। কয়েক সপ্তাহ ধরে শহরের পার্কগুলোতে শিবির স্থাপন করে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছিলো বিক্ষোভকারীরা। শনিবার পার্ক ছাড়ার জন্য শহর কর্তৃপক্ষের নোটিশ পাওয়ার পর তারা শিবির ছেড়ে চলে যায়। পরদিন রোববার কর্তৃপক্ষ আন্দোলনকারীদের ছেড়ে যাওয়া পার্কগুলোর চারদিকে বেড়া দেয়ার চেষ্টা করলে বিকেলে আবার তারা পার্কের সামনের রাস্তায় সমবেত হয়। এসময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পোর্টল্যান্ডের দাঙ্গা পুলিশও সেসময় সেখানে অবস্থান নেয়। তারা মাইকে বিক্ষোভকারীদের শিবির ছেড়ে চলে যেতে বলে। অন্যথায় তাদেরকে ধরপাকড় করা হবে এবং অস্ত্র প্রয়োগ করা হবে বলেও সতর্ক করে দেয়। কিন্তু পুলিশের কথায় আন্দোলনকারীরা কর্ণপাত করেনি। রাস্তা না ছাড়লে শক্তি প্রয়োগের সতর্কবার্তা সত্ত্বেও আন্দোলনকারীরা রাস্তা না ছেড়ে পুলিশকেই সেখান থেকে চলে যেতে বলে। তারা পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিয়ে বলে, "আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, পুরো বিশ্ব দেখছে। আমরা এখানে কোন দাঙ্গা পুলিশ দেখতে চাই না, তোমরা সরে যাও।" পোর্টল্যান্ড ছাড়াও রোববার কলরাডোর ডেনভার শহর ও উটাহর সল্টলেক সিটি কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বিভিন্ন শিবির ভেঙে দেয়। ডেনভারে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডেনভার পুলিশ রোববার জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৮ঘ.