রোম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালিতে প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির পদত্যাগের পর জরুরি ভিত্তিতে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের তোড়জোড় চলছে।
সরকার গঠন নিয়ে সমঝোতায় পৌঁছতে ঊর্ধ্বতন রাজনীতিবিদদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট জর্জিও নাপোলিতানো।
সোমবার অর্থ বাজার খোলার আগেই নতুন সরকার ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সে লক্ষ্যে স্বাভাবিকের চেয়েও দ্রুতগতিতে চলছে আলোচনা।
বার্লুসকোনি শনিবার পদত্যাগ করার পর রোমে আনন্দ মিছিল বের হয়। এর পরপরই ইতালির প্রেসিডেন্ট নাপোলিতানো পার্লামেন্টের দুই কক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেন ।
গ্রিনিচমান সময় বিকাল ৫টা পর্যন্ত আলোচনা চলবে। আলোচনা শেষে নাপোলিতানো সাবেক ইউরোপীয় কমিশনার মারিও মন্টিকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইতালীয়রা আশা করছে, ঋণ জর্জরিত অবস্থা থেকে ইউরো অঞ্চলের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটিকে সঠিক পথে ফিরিয়ে আনবে নতুন সরকার। ইউরোপসহ বিশ্ব নেতারাও তাই আশা করছেন।
পদত্যাগপত্র জমা দিতে শনিবার সন্ধ্যায় বার্লুসকোনির প্রেসিডেন্ট ভবনে যাওয়ার খবর শুনেই সেখানে ভিড় জমতে থাকে। এক পর্যায়ে বিশাল হয়ে ওঠে সেই বিক্ষোভ। অবস্থা বেগতিক দেখে মূল ফটক দিয়ে বের না হয়ে পেছনের দরজা ধরেন বার্লুসকোনি। কিন্তু তার লিমুজিন গাড়ির পেছনে পেছনে ছুটতে থাকে বিক্ষোভকারীরা। 'জেল চাই, জেল চাই'- এ স্লোগান ছিলো তাদের কণ্ঠে।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর শনিবার পদত্যাগ করেন বার্লুসকোনি। অর্থনৈতিক সঙ্কট কাটাতে অন্তর্বর্তী একটি সরকার গঠনের লক্ষ্যেই তার এ সিদ্ধান্ত।
কয়েক দিন আগে পার্লামেন্টে এক ভোটাভুটিতে কোনোমতে উৎরে গেলেও তা স্পষ্ট করে, সরকার চালানোর মতো সংখ্যাগরিষ্ঠতা আর নেই বার্লুসকোনির। এর মধ্যে বিরোধী দল চাপ বাড়াতে থাকায় পদত্যাগে রাজি হওয়ার কথা জানান তিনি।
২০১৩ সালে ইতালিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রায় দেড় বছর ক্ষমতায় থাকবে নতুন সরকার। এ সরকারই ইতালির অর্থনৈতিক সংস্কার আইন পাস করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫৫ঘ.
bdnews24