আম্মান, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরব লিগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার অগেই তা ঠেকানোর চেষ্টায় জরুরি আরব শীর্ষ বৈঠক ডেকেছে সিরিয়া।
কিন্তু আরব লিগ জানিয়েছে, তারা এ সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবিকারী বিরোধী পক্ষের সঙ্গে বৈঠকে বসবে।
আট মাসের সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযানের জন্য আরব লিগ সিরিয়াকে এ সংগঠন থেকে বহিষ্কার করা এবং দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে এ সিদ্ধান্তকে 'অবৈধ' আখ্যা দিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম।
আরব লিগের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার রাতে আসাদ সমর্থকরা দামেস্কর সৌদি আরব, ফ্রান্স ও তুর্কি দূতবাসে হামলা করেছে।
ওদিকে, আরব লিগের সিদ্ধান্তর প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। বুধবার থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে।
তার আগেই সঙ্কটাপন্ন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আরব দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক আহ্বান করলো সিরিয়া।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অস্থিরতা এবং 'আরব পরিস্থিতির নেতিবাচক প্রতিক্রিয়া' নিয়ে আলোচনা করাই বৈঠক আহ্বানের লক্ষ্য।
কিন্তু আরব লিগের মহসচিব নাবিল এলারাবি বলেছেন, লিগ কর্মকর্তারা মঙ্গলবার সিরিয়ার বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করবে। তবে সিরিয়ার বৈধ কর্তৃপক্ষ হিসেবে বিরোধীদের স্বীকৃতি দেওয়ার কথা এ মুহূর্তে ভাবা হচ্ছে না বলেও জানান তিনি।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, "তাদেরকে সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া? এ বিষয়টি আলোচনার সময় হয়তো এখনো আসেনি।"
ওদিকে, সিরিয়ার জরুরি শীর্ষ বৈঠকের অনুরোধে ২২ সদস্য বিশিষ্ট আরব লিগ কি প্রতিক্রিয়া দেখাবে তাও এখনো স্পষ্ট নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৪ঘ.
bdnews24