২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে আবার সংঘর্ষ, কয়েকজন নিহত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শনিবার ২য় দিনের মতো স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ইমায়া, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শনিবার ২য় দিনের মতো স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছে। আলাপ-আলোচনা চালিয়ে গাদ্দাফির অন্ধ সমর্থক স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলোর উত্তেজনা নিরসনের চেষ্টা করছে দেশটির নতুন অন্তবর্তী সরকার। এ চেষ্টার মধ্যেও শুক্রবার অন্তবর্তী সরকার অনুগত যোদ্ধা ও গাদ্দাফি অনুগত আদিবাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় । রাজধানী ত্রিপোলি ও বন্দর নগরী জাবিয়াহর মধ্যবর্তী স্থানে আদিবাসী গোষ্ঠী ওয়াসিফান্না নিয়ন্ত্রিত ইমায়ায় একটি সেনা ক্যাম্পের কাছে শুক্রবার সংঘর্ষ শুরু হয়ে চলে শনিবারও। জাবিয়াহয় গাদ্দাফিবিরোধী কয়েকজন যোদ্ধা জানিয়েছেন, শুক্রবার ওই আদিবাসী গোষ্ঠীর সদস্যদের গুলিতে তাদের অন্ততপক্ষে দুজন সদস্য নিহত হয়েছে। ইসাম আল তারহুনি নামে অপর এক গাদ্দাফি বিরোধী যোদ্ধা জাবিয়াহ থেকে টেলিফোনে জানিয়েছেন, তিনি নিজে তিনজনকে মরতে দেখেছেন। শনিবার জাবিয়াহ থেকে গাদ্দাফি বিরোধী যোদ্ধারা ইয়ামা এলাকা লক্ষ্য করে ভারী মেশিনগান, বিমান বিধ্বংসী কামান, রকেট চালিত গ্রেনেড ও গ্রাড রকেট নিক্ষেপ করে। এসময় বিপরীত দিক থেকেও জাবিয়ায় আশ্রয় নেওয়া যোদ্ধাদের ওপর কামানের গোলা এসে পড়ে। এ সংঘর্ষের ফলে লিবিয়াজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও ব্যক্তির মধ্যে বিক্ষিপ্ত লড়াই শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে গুলি বিনিময় চলছিলো। সংঘর্ষে নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার অন্তবর্তী জাতীয় পরিষদের (এনটিসি) ৫১ সদস্য বিশিষ্ট পরিষদে ওয়াসিফান্না গোষ্ঠির প্রতিনিধি মোহাম্মদ সায়েদ সংঘর্ষ থামানোর জন্য চেষ্টা করছেন। তিনি দাবি করেছেন ভুলবুঝাবুঝির কারণে সংঘর্ষ শুরু হয়। তিনি অভিযোগ করে বলেন, "ওয়াসিফান্না গোষ্ঠি গাদ্দাফি অনুগত এবং ইয়ামায় গাদ্দাফি অনুগত যোদ্ধারা লুকিয়ে আছে এমন গুজবের ভিত্তিতে জাবিয়ার গাদ্দাফি বিরোধী যোদ্ধারা এলাকাটির নিয়ন্ত্রণ নিতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়।" এনটিসি সংঘর্ষ থামানোর চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, "রয়াসিফান্না গোষ্ঠির বিরুদ্ধে যা শোনা যাচ্ছে সব মিথ্যা গুজব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১২২১ ঘ.