সৈয়দ নাহাস পাশা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
লন্ডন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজযাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ব্রিটেনের একটি আদালতে এক বাংলাদেশি দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ৯ ডিসেম্বর তাকে দণ্ড দেওয়া হবে।
চৌধুরী হাফিজ আহমেদ নামে এ ব্যক্তি বর্তমানে জামিনে মুক্ত আছেন।
বার্মিংহ্যামের বাঙালি অধ্যুষিত এলাকা স্মলহিথের কভেন্ট্রি রোডে হেলেনিক ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান চালাতেন তিনি। ওই প্রতিষ্ঠানের মাধ্যমেই হাজীদের সঙ্গে প্রতারণা করেন কভেন্ট্রির স্টোনি স্টানটন রোডের বাসিন্দা হাফিজ।
বার্মিংহ্যাম ক্রাউন কোর্ট পাঁচ দিন শুনানির পর তাকে দোষী সাব্যস্ত করে বলে জানান ওই আদালতের রেকর্ডার মার্ক রিন্ড। হাফিজের কারাদণ্ড হতে পারে বলে জানান তিনি।
তার বিরুদ্ধে ব্রিটেনের প্যাকেজ ট্যুর বিধি লঙ্ঘনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়।
হাফিজের বিরুদ্ধে অভিযোগ, হেলেনিক ট্রাভেলসের পক্ষ থেকে ২০০৯ সালে হজে ফাইভ স্টার সেবা প্রদানের প্রতিশ্র"তি দিয়ে চারজনের একটি পরিবারের কাছে ১০ হাজার পাউন্ডে একটি হজ প্যাকেজ বিক্রি করা হয়। কিন্তু ওই পরিবারের অভিযোগ, প্রতিশ্র"ত সেবার কোনোটিই তাদের দেওয়া হয়নি।
হাফিজের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন বার্মিংহ্যাম সিটি কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ড টিমের প্রধান ভিড় আহলুওয়ালিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের ঘটনার জন্য এবারই প্রথমবারের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।"
বার্মিংহ্যাম এলাকায় বহু সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী থাকায় এখানে এটি একটি বড় ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এর আগেও অনেকেই এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন।
হজ নিয়ে প্রতারণার শিকার হলে ট্রেডিং স্ট্যান্ডার্ডের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।
ব্রিটেন থেকে প্রতি বছর প্রায় ২৫ হাজার মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। এদের একটি বড় অংশই বাংলাদেশি। তাদের নানা ধরনের সেবা দেওয়ার জন্য সরকারিভাবে একটি প্রতিনিধি দল পাঠায় ব্রিটেন।
কিন্তু হাজীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় হজে পাঠানোর এজেন্ট, সাব এজেন্টের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে প্রতারণার ঘটনাও।
এর আগে কয়েক লাখ পাউন্ড হজের অর্থ আত্মসাতের অভিযোগে পূর্ব লন্ডনের এক ট্রাভেল এজেন্টকে কারাদণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এএইচ/পিডি/১৮৪০ ঘ.
bdnews24