২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনে চার চুক্তি সই

প্রাকৃতিক দুর্যোগে পরস্পরকে দ্রুত সহায়তা দেওয়া এবং সার্ক বীজ ব্যাংক প্রতিষ্ঠাসহ চারটি চুক্তি হয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের সপ্তদশ শীর্ষ সম্মেলনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক দুর্যোগে পরস্পরকে দ্রুত সহায়তা দেওয়া এবং সার্ক বীজ ব্যাংক প্রতিষ্ঠাসহ চারটি চুক্তি হয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের সপ্তদশ শীর্ষ সম্মেলনে। মালদ্বীপের আদ্দু সিটির ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সম্মেলনের সমাপনী অধিবেশন শুরুর পর প্রথমেই আট সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসব চুক্তিতে সই করেন। ঐক্য জোরদার করতে 'সেতুবন্ধ' রচনার শ্লোগান নিয়ে বৃহস্পতিবার এ সম্মেলন শুরু হয়। মালদ্বীপের হাভেরু অনলাইন জানায়, চুক্তি স্বাক্ষরের পর্ব শেষে সার্কের পর্যবেক্ষক দেশ ও সংস্থার প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপন শুরু করেন। পর্যবেক্ষক হিসেবে থাকা অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, মিয়ানমার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এবারই প্রথম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন। এর পরপরই সম্মেলন কেন্দ্র থেকে বেরিয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সমাপনী অধিবেশন শুরুর আগেই দেশের পথে রওনা হন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। অধিবেশনের সভপতি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, "অন্য কাজ থাকায় আমাদের কাউকে কাউকে আগেই দেশে ফিরে যেতে হচ্ছে।" হাভেরু অনলাইন জানায়, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং যোগাযোগ স¤প্রসারণসহ ১৯ দফা আদ্দু ঘোষণার মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে। তখনই ঘোষণা করা হবে আগামী সম্মেলনের স্থান। শীর্ষ সম্মেলন শেষে সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে বিস্তারিত জানাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। এর আগে শুক্রবার সকালে ভিলিংগিলি দ্বীপের সাংরিলা রিসোর্টে অবকাশ কাটান সার্ক নেতারা। স্থানীয় সময় ১০টা থেকে ১২টা পর্যন্ত এই 'অবকাশে' অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন তারা। সার্কের মহাসচিব ফাতিমাত দিয়ানা সায়িদ, নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দ্র রাজাপাকশে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভূটানের প্রধানমন্ত্রী জিগমে থিনলে এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এ সময় উপস্থিত ছিলেন। দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে ১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্কের যাত্রা শুরু হয়। পরে এ জোটে যোগ দেয় আফগানিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৭৪৮ ঘ.