ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের সপ্তদশ শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হয়েছে।
এই অধিবশনে তিনটি চুক্তিতেও সই করবেন আট সদস্য দেশের প্রতিনিধিরা। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং যোগাযোগ সম্প্রসারণসহ ১৯ দফা আদ্দু ঘোষণার মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।
ঐক্য জোরদার করতে 'সেতুবন্ধ' রচনার শ্লোগান নিয়ে বৃহস্পতিবার এ সম্মেলন শুরু হয়। মালদ্বীপের আদ্দু সিটির ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শুরু হয় সমাপনী অধিবেশন।
মালদ্বীপের হাভেরু অনলাইন জানায়, অধিবেশন শুরুর পরপরই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়া, সার্ক বীজ ব্যাংক প্রতিষ্ঠাসহ কয়েকটি চুক্তিতে সই করেন সার্কের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এরপর পর্যবেক্ষক দেশ ও সংস্থার প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপন শুরু করেন।
সার্কের পর্যবেক্ষক হিসেবে থাকা অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, মিয়ানমার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এবারই প্রথম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন।
সম্মেলনের সমাপনী ঘোষণার আগে গৃহিত হবে ১৯ দফার আদ্দু ঘোষণা। পাশাপাশি আগামী সম্মেলনের স্থানও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে হাভেরু অনলাইনের প্রতিবেদনে।
শীর্ষ সম্মেলন শেষে সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে বিস্তারিত জানাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।
এর আগে শুক্রবার সকালে ভিলিংগিলি দ্বীপের সাংরিলা রিসোর্টে অবকাশ কাটান সার্ক নেতারা। স্থানীয় সময় ১০টা থেকে ১২টা পর্যন্ত এই 'অবকাশে' অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন তারা।
সার্কের মহাসচিব ফাতিমাত দিয়ানা সায়িদ, নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দ্র রাজাপাকশে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভূটানের প্রধানমন্ত্রী জিগমে থিনলে এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এ সময় উপস্থিত ছিলেন।
দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে ১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্কের যাত্রা শুরু হয়। পরে এ জোটে যোগ দেয় আফগানিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৭২০ ঘ.
bdnews24