ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়দার শীর্ষ পদে বসতে ওসামা বিন লাদেনকে দলটির দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরিই ধরিয়ে দিয়েছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এক কমান্ডো।
যুক্তরাষ্ট্রে সিল কমান্ডোর সাবেক সদস্য চাক ফারের তার 'সিল টার্গেট জেরোনিমো' বইয়ে একথা লিখেছেন বলে টাইমস অফ ইন্ডিয়াসহ কয়েকটি সংবাদ মাধ্যমে ছাপা প্রতিবেদনে বলা হয়েছে।
এই কমান্ডো বাহিনীই এ বছরের ১ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনের আস্তানায় হানা দিয়ে তাকে হত্যা করে।
আল কায়দার এক সদস্যকে অনুসরণ করে ইসলামাবাদে বিন লাদেনের আস্তানার সন্ধান পেয়েছিলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা, যার নাম আবু আহমেদ আল কুয়েতি।
চাক ফারের বলছেন, বিভিন্ন চিরকুট দিয়ে কুয়েতিকে বারবার ওসামার আস্তানায় পাঠিয়েছিলেন জাওয়াহিরি, তা যাতে গোয়েন্দাদের দৃষ্টিগোচর হয়।
"কিছু কিছু চিরকুটের কথা ছিলো খুবই গুরুত্বহীন, হাস্যকর পর্যায়ের। তাছাড়া কুয়েতিকে পাঠানো হতো রঙচঙা বড় একটি ট্রাকে করে, যা কারো নজর এড়াতো না। জাওয়াহিরির জানার কথা, এতে আল কায়দার শীর্ষ নেতার গোপন আস্তানা প্রকাশ্য হয়ে পড়তে পারে। এ থেকে স্পষ্ট, জাওয়াহিরি চেয়েছিলেন ওসামা ধরা পড়–ক," লিখেছেন ফারের।
২২৫ পৃষ্ঠার বইটিতে তিনি আরো লিখেছেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বিন লাদেনের আস্তানার খবর জানলেও তা যুক্তরাষ্ট্রকে কখনো বলেনি।
বিন লাদেনকে ধরতে অভিযানের কথা যুক্তরাষ্ট্রও পাকিস্তানকে বলেনি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তারা এটি গোপন রেখেছিলেন। এ নিয়ে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কে টানাপোড়েনও সৃষ্টি হয়।
নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে জাওয়াহিরির সঙ্গে বিন লাদেনের দ্বন্দ্বের কথাও তুলে ধরেন ফারের।
তিনি বলেন, পশ্চিমাদের সঙ্গে লড়াই আরো জোরদার করতে চেয়েছিলেন জাওয়াহিরি। মিসরে সরকাবিরোধী আন্দোলনের মধ্যে তাহরির স্কয়ারে বোমাহামলা চালাতে চেয়েছিলেন তিনি। কিন্তু এ সবে ওসামার সায় না পেয়ে দলের শীর্ষ স্থানে বসতে মরিয়া হয়ে উঠেছিলেন জাওয়াহিরি।
ফারের লিখেছেন, অ্যাবোটাবাদে ওসামার বাড়িতে যে কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক পাওয়া গেছে, তাতে দেখা যায় আল কায়দাকে নতুনভাবে সাজাতে চেয়েছিলেন তিনি। আর তার এ পরিকল্পনায় জাওয়াহিরির স্থান ছিলো না।
ওসামাকে সরানোর পরিকল্পনা আগে থেকেই মিসরীয় চিকিৎসক জাওয়াহিরির ছিলো বলে দাবি করেছেন ফারের।
তিনি বলেন, "দীর্ঘদিন ধরে ওসামার চিকিৎসার ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন জাওয়াহিরি। আফগান যুদ্ধের সময় থেকে ওসামার পিঠে ব্যথা হতো। তিনি যে অ্যাডিসন রোগে আক্রান্ত, তা মধ্যপ্রাচ্যের নামী প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়া জাওয়াহিরির জানার কথা ছিলো। কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে যান।"
অ্যাড্রিনালিন গ্রন্থির সমস্যা সংক্রান্ত রোগ অ্যাডিসনে আক্রান্ত হলে রক্তচাপ কমে আসে এবং রোগী কোমায় চলে যেতে পারে।
অন্যভাবেও ওসামাকে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা ৬০ বছর বয়সি জাওয়াহিরির ছিলো বলে দাবি করেছেন ফারের।
তিনি বলেন, "ওসামাকে হত্যার জন্য রাশিয়ার দ্বারস্ত হয়েছিলেন জাওয়াহিরি, কিন্তু তাতে সাড়া মেলেনি। এরপর ভেবেছিলেন, রোগেই তার মৃত্যু হবে, কিন্তু তাও ফলছিলো না। তাই শেষ চালটি চাললেন জাওয়াহিরি। আর তাতেই ফল এলো।"
ফারের লিখেছেন, দলের দ্বিতীয় শীর্ষ নেতা হলেও শীর্ষ নেতার চেয়ে নিজেকে যোগ্য মনে করতেন জাওয়াহিরি। উচ্চ শিক্ষিত ছিলেন তিনি, ইংরেজি ভাষায় তিনি ছিলেন পারঙ্গম। সব মিলিয়ে তার উচ্চাভিলাষের বলিই হন ওসামা বিন লাদেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৪০ ঘ.
bdnews24