ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর প্রদেশের হরিদ্বারে মঙ্গলবার এক ধর্মীয় অনুষ্ঠানে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে, যার ১৪ জনই নারী। এতে আহত হয়েছে অর্ধশত।
বিবিসি জানিয়েছে, হিন্দু ধর্মগুরু শ্রী রাম শর্মার শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মঙ্গলবার এ ঘটনা ঘটে। গঙ্গার তীরে প্রায় ১০ হাজার ভক্ত এই অনুষ্ঠানে অংশ নেয়।
আয়োজকদের মুখপাত্র হেমন্ত সাহুকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভক্তদের মধ্যে কয়েকজন পা হড়কে পড়ে যাওয়ার পরও পেছনে থাকা লোকজন এগিয়ে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হেমন্ত বলেন, "ভক্তরা অঞ্জলি দিতে গেলে হুড়োহুড়ি শুরু হয়। ছোট জায়গায় এতো মানুষের হুড়োহুড়িতেই হতাহতের ঘটনা ঘটে।"
হরিদ্বারের সরকারি কর্মকর্তা সানথিল পন্ডিয়ানের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের মধ্যে অন্তত ১৪ জনই নারী।
ভারতের সংবাদ মাধ্যমে নিহতের সংখ্যা প্রথমে ২২ বলা হলেও পরে তা যাচাই করে ১৬ করেছে।
দিল্লী থেকে ১৭৩ কিলোমিটার উত্তরে এই হরিদ্বারেই পর্বত থেকে সমতলে নেমে এসেছে গঙ্গা। এ কারণে হিন্দু ধর্মাবলম্বীদের বহু মন্দির গড়ে উঠেছে এ শহরে।
ধর্মীয় অনুষ্ঠানের সময় এসব তীর্থস্থানে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ভারতে প্রায়ই ঘটছে। চলতি বছর জানুয়ারিতেও দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালায় এক উৎসবে পদদলিত হয়ে ১০০ জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১৬৩৬ ঘ.
bdnews24